নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ চলতি আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারেনি।
মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতির কারণে সরকার ভারতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখে।
এর ফলে উঠেছিল আশঙ্কা, আগামী বিশ্বকাপে সরাসরি খেলার পরিবর্তে হয়তো বাছাইপর্বে অংশ নিতে হতে পারে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সুখবর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল -আইসিসি।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, যদিও বাংলাদেশ ২০২৬ সালের বিশ্বকাপে খেলছে না, তবু তারা ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
এই নীতিমালার ভিত্তিতে, ২০২৬ সালের সুপার এইটে খেলা আট দল, স্বাগতিক দুই দেশ এবং র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দুই দল ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্য হবে।
সুপার এইটের দলগুলো হলো ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। স্বাগতিক অস্ট্রেলিয়াও স্বয়ংক্রিয়ভাবে খেলার সুযোগ পাবে।
নিউজিল্যান্ডের সুপার এইট অবস্থানের কারণে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দল ২০২৮ বিশ্বকাপে খেলতে পারবে।
এই তালিকায় বর্তমানে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড রয়েছে। যেহেতু মার্চের ৯ তারিখের আগে এই তিন দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাদের র্যাঙ্কিং হ্রাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে পারবে।
বাকি আট দল বিভিন্ন অঞ্চলের বাছাইপর্ব থেকে যোগ দেবে। এর মধ্যে রয়েছে আমেরিকা থেকে একটি দল, ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া-ইস্ট প্যাসিফিক থেকে তিনটি দল।
এর ফলে বিশ্বকাপ হবে বৈশ্বিক এবং সমান সুযোগের প্রতিযোগিতা।
অর্থাৎ , ২০২৬ সালে না খেললেও বাংলাদেশ ২০২৮ সালে সরাসরি অংশগ্রহণ করতে পারবে, যা দেশের ক্রিকেটের জন্য বড় ইতিবাচক সংবাদ।




