আগামী মাস থেকেই স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদরাসা ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি।
এমনটাই জানিয়েছেন বোর্ডের পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান আসিফ আকবর। তিনি বলেন, দেশের ক্রিকেটকে তৃণমূল ও বয়সভিত্তিক পর্যায়ে আরও বিস্তৃত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু স্কুল নয়, মাদরাসার শিক্ষার্থীরাও যেন সংগঠিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারে, সেটিই বোর্ডের লক্ষ্য।
আসিফ আকবর জানান, আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট ও মাদরাসা ক্রিকেট একসঙ্গে শুরু করার পরিকল্পনা রয়েছে।
এরপর পর্যায়ক্রমে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটও চালু করা হবে। তার ভাষ্য, দেশের অনেক খেলোয়াড় ও কোচ মাদরাসায় পড়াশোনা করেছেন। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলোতেও মাদরাসা থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে। বাংলাদেশের অনেক মাদরাসায় বড় মাঠ রয়েছে, যা সঠিক ব্যবস্থাপনায় ক্রিকেট উন্নয়নে কাজে লাগানো সম্ভব।
তাই বয়সভিত্তিক কাঠামোর মধ্যে মাদরাসা ক্রিকেট অন্তর্ভুক্ত করা সময়োপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন তিনি।
তবে সূচি নির্ধারণে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিসিবি পরিচালক। পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বিবেচনায় রেখে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে, সম্প্রতি নারী ক্রিকেট দলের সাবেক সদস্য জাহানারা আলম কর্তৃক উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু-এর বিরুদ্ধে তদন্ত শেষে তাকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, বিচার প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও তা সম্পন্ন হয়েছে এবং বোর্ড তাদের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান-এর প্রত্যাবর্তন নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। জানিয়েছেন, সাকিবের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।




