স্প্যানিশ লা লিগার শেষ ম্যাচে মাদ্রিদের হার ছাড়াও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো মাফেও-র সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় মায়োর্কা-র মাঠ সন মোইক্সে, যেখানে বড় অঘটন ঘটিয়ে স্বাগতিকরা ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ-কে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধে মানু মোরলানেসের গোলে এগিয়ে যায় মায়োর্কা। এরপর ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে এদের মিলিতাও সমতা ফেরান। তবে ইনজুরি টাইমে ফেদাদ মোরিকির গোলেই নিশ্চিত হয় মায়োর্কার নাটকীয় জয়।
কিন্তু ম্যাচের আসল উত্তেজনা তৈরি হয় মাঠের লড়াইয়ের বাইরে।
খেলার এক পর্যায়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিনিসিয়ুস, যা নিয়ে মাফেওর সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে প্রতিপক্ষের একটি আক্রমণ এড়ানোর পর ভিনিসিয়ুস উত্তেজিত হয়ে সরাসরি হুমকিসূচক কথা বলেন, মাফেওর জীবন কেড়ে নেওয়ার হুমকি দেন।যা মুহূর্তেই বিতর্ক সৃষ্টি করে।
এর জেরে দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে রেফারি মাফেওকে হলুদ কার্ড দেখান। তবুও পরিস্থিতি থামেনি।
মাফেও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ভিনিসিয়ুসকে ‘অতিরিক্ত অভিযোগকারী’ বলে কটাক্ষ করেন। বলেন যে ” তুমি বেশি কান্নাকাটি করো”!পরে তিনি ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না জেতা নিয়েও খোঁচা দেন, যেখানে বিজয়ী ছিলেন রদ্রি।
জবাবে ভিনিসিয়ুসও পাল্টা মন্তব্য করেন এবং মাফেওকে ‘টিভিতে আসার জন্য নাটক করছেন’ বলে অভিযুক্ত করেন।
দুই খেলোয়াড়ের এই উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। অতীতেও মাফেও বিভিন্ন সাক্ষাৎকারে ভিনিসিয়ুসকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করেছেন, এমনকি মজা করে তাকে বক্সিং লড়াইয়ের চ্যালেঞ্জও দিয়েছিলেন।




