আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যিনি আর্জেন্টাইন ‘বাজপাখি’ নামেও পরিচিত।
তারই জীবন কাহিনি এবার রুপালি পর্দায় উঠে আসতে যাচ্ছে। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, এই তারকার জীবন নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘দিবু মার্তিনেজ: এল পিবে কে আতাখা এল তিয়েম্পো’, যার অর্থ ‘যে শিশুটি সময় থামিয়ে দেয়।’ মার্তিনেজের শৈশবের ডাকনাম ‘দিবু’ থেকেই এই নামের অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, এতে একজন সাধারণ পরিবারের ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে,যেখানে থাকবে সংগ্রাম, স্বপ্ন এবং সাফল্যের নানা অধ্যায়।
আর্জেন্টিনার মার দেল প্লাতা শহর থেকে উঠে আসা মার্তিনেজের পথচলা মোটেও সহজ ছিল না।
দীর্ঘ সময় ক্লাব পর্যায়ে উপেক্ষিত থাকার পর তিনি জাতীয় দলে সুযোগ পান এবং সেখানেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন। বিশেষ করে ২২ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখে। ফাইনালে গুরুত্বপূর্ণ সেভ এবং টাইব্রেকারে তার দৃঢ়তা তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে।
শুধু বিশ্বকাপ নয়, কোপা ২০২১, ফিনালিসিমা ২০২২, এবং কোপা ২০২৪ এও তিনি আর্জেন্টিনার সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এসব অর্জনের পেছনের গল্প, ব্যক্তিগত সংগ্রাম এবং মানসিক দৃঢ়তার বিষয়গুলোও চলচ্চিত্রে তুলে ধরা হবে।
পরিচালনায় থাকছেন গুস্তাভো কোবা, এবং চিত্রনাট্য লিখছেন হারনান ক্যাসসিয়ারি। নির্মাতারা জানিয়েছেন, অ্যানিমেশনের পাশাপাশি এতে থাকবে মার্তিনেজের অপ্রকাশিত সাক্ষাৎকার এবং বিরল ভিডিওচিত্র, যা দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে।
মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো না হলেও, চলতি বছরের শেষের দিকে এটি প্রদর্শিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, এটি এমন এক কিশোরের গল্প, যে গোলরক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল এবং শেষ পর্যন্ত দেশের ফুটবল ইতিহাসের অন্যতম নায়ক হয়ে উঠেছে।
এবার দেখার পালা যার জীবনটা সিনেমাকে হার মানায়,তার জীবনি নিয়ে সিনেমাটি পরিচালকরা কেমন নির্মান করেন।




