এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচে ভারতের ক্লাব ওডিশা এফসিকে ৩-২ ব্যাবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে ভালোভাবেই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ চ্যাম্পিয়নরা। যদিও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এদিন কিংসের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে নামানো হয়নি।
ঘরের মাঠ কিংস এ্যারেনায় এদিন অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। ওডিশা এফসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাউরিসিওর গোলে খেলার ১৯ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় ওডিশা। গোল হজম করে তা পরিশোধ করতে মরিয়া বসুন্ধরা আক্রমণের ধার বাড়ায়। শেষ পর্যন্ত ম্যাচের ৩৯ তম মিনিটে সফল হয় কিংস। ফিগুইয়েরার গোলে সমতায় ফেরার পাঁচ মিনিট পরেই বসুন্ধরার পক্ষে ব্যবধান ২-১ করেন ডোরিয়েল্টন। ফলে ২-১ এ এগিয়ে থেকেই মধ্য বিরতিতে যায় কিংস।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-১ করে বসুন্ধরা কিংস। এবারো লক্ষ্যভেদ করেন ডোরিয়েল্টন। এ নিয়ে এদিন দ্বিতীয় বারের মতো বল জালে জড়ান তিনি।
ম্যাচের ৬৬ মিনিটে ওডিশার হয়ে লালরিনজুয়ালা গোল করে ব্যবধান কমালেও আর সমতায় ফেরা হয়নি তাদের। উল্টো পোস্টের বাঁধা আর গোলের সহজ সুযোগ মিস না করলে শেষদিকে গোল ব্যবধান আরো বাড়াতে পারতো বসুন্ধরা।
এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে তিন পয়েন্ট নিয়ে ডি গ্রুপের তৃতীয় অবস্থানে রয়েছে কিংস। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়া এফসির কাছে তাদের মাঠে ৩-১ ব্যাবধানে হারে বসুন্ধরা।
আগামী ২৪শে অক্টোবর আরেক ভারতীয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে আতিথ্য নেবে অস্কার ব্রুজেনের দল।




