বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে বাংলাদেশ তাদের বিপক্ষে ফিরতি লেগ খেলবে ১৭ অক্টোবর।
বেশ কিছুদিন আগে অনৈতিক কর্মকান্ডে জড়ানোয় গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটিতে প্রায় হেরেই বসেছিল হাভিয়ের কাবরেরার শিশ্যরা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলে পিছিয়ে ছিলেন জামাল ভূঁইয়ারা। এরপর ম্যাচ পরিচালক ৫ মিনিট সময় যোগ করেন। যার দ্বিতীয় মিনিটেই ম্যাচে সমতা আনে বাংলাদেশ। বাম প্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো বলটিকে সাদ উদ্দিন প্লেসিংয়ে জালে জড়ান। বাংলাদেশকে মহাগুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেওয়ার আনন্দে জার্সি খুলে উল্লাস করেন তিনি। যদিও এজন্য তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে।
এর আগে ৮৬ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেটিও নিজেদের ভুলে। মালদ্বীপের ফরোয়ার্ডের করা এক ক্রসে তারিক কাজী লাফিয়ে হেড দেন। সেই হেড ক্লিয়ার না হয়ে সতীর্থ ডিফেন্ডার গায়ে লেগে মালদ্বীপের আরেক ফরোয়ার্ড হাসান নাজিমের পায়ে পড়ে। গোলরক্ষক মিতুল মারমা এগিয়ে আসলেও নাজিম প্লেসিংয়ে বলটি জালে ঠেলে দেন।
এক মিনিট পরেই মালদ্বীপ ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল। এটিও আগের গোলের মতোই বাড়ানো বল ছিল। তবে এই যাত্রায় অভিজ্ঞ ফুটবলার আলী ফাসির একপাশে ফাঁকা পোস্টেও বল সঠিক গন্তব্যে রাখতে পারেননি। সেই ভুলের খেসারতই দিতে হয়েছে কিছুক্ষণ পর গোল হজম করে।
এদিন শুরু থেকেই দুদল সমান তালে খেললেও সহজ সুযোগ নষ্ট করার কারণে গোলের দেখা পাচ্ছিলোনা কোনো দলই। বাংলাদেশের হয়ে রাকিব ও ফাহিম বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন।




