বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সবচেয়ে আলোচিত তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুব আবারও প্রমাণ করলেন, কেন তাকে দেশের প্রথম দিককার টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হতো।
টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে নেমেই ঝড় তুললেন তিনি।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ব্যাট হাতে এমন আগ্রাসী ইনিংস খেলে যেন নিজের উপস্থিতি আবার নতুন করে জানান দিলেন আফিফ।
অভিষেকের সময় থেকেই আফিফকে নিয়ে প্রত্যাশার শেষ ছিল না।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সেই অভিষেক ম্যাচে দলকে জেতানো ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।
সেখান থেকেই তার নামের সঙ্গে জুড়ে যায় “স্টার বয়” পরিচিতি।
পরবর্তীতে সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলা, কম বয়সেই জাতীয় দলের সাদা বলের স্কোয়াডে অটো চয়েস হয়ে ওঠা, সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুটায় এক অন্যরকম গল্প গড়েছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।
তবে সময়ের সঙ্গে সঙ্গে ফর্মহীনতা, অনিয়মিত পারফরম্যান্স আর দলের কম্বিনেশন মিলিয়ে তিনি চলে যান আলোচনার বাইরে।
কিন্তু আজকের ম্যাচে দেখা মিলল একেবারে ভিন্ন এক আফিফের। শুরু থেকেই ছিলেন দুর্দান্ত।
ইনিংসের দ্বিতীয় বলেই চার মেরে দারুণ সূচনা করেন তিনি। এরপর আরও একটি চার মেরে জানান দেন তার আক্রমণাত্মক মেজাজের।
সেখান থেকে আর থামেননি আফিফ। দলের অন্যপ্রান্তে ব্যাটাররা হিমশিম খেতে থাকলেও আফিফ খেলেছেন অবিচল আত্মবিশ্বাস নিয়ে।
মাত্র ২৩ বলের মোকাবেলায় খেলেছেন অপরাজিত ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। এর মধ্যে ৯টি বলই বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি।
তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২০৮,যা টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো বড় ইনিংসের সমান কার্যকর।
আফিফের এই ইনিংস আবারও নতুন করে আশা জাগিয়েছে ভক্ত-সমর্থকদের মধ্যে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার যদি ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স দেখাতে পারেন, তবে খুব শিগগিরই আবারও তাকে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যেতে পারে।
ভক্তরা অন্তত সেটাই প্রত্যাশা করছে চেনা সেই আগ্রাসী আফিফকে আবারও দেশের হয়ে খেলতে দেখার।




