প্রথম ম্যাচে ফিফটি,দ্বিতীয় ম্যাচে অপরাজিত,আর আজ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন লিটন দাস।
আক্রমণাত্মক ইনিংসে মাত্র ২৭ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন এই ব্যাটার।
ড্যানিয়েল ডোরামের ফুল লেংথ ডেলিভারি স্লগ সুইপ করে ছক্কা হাঁকিয়েই রেকর্ড ছুঁয়ে ফেলেন লিটন।
এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ফিফটির মালিক এখন তিনি।
এর আগে সমান ১৩টি ফিফটি ছিল সাকিব আল হাসান ও লিটনের দখলে।
সিরিজের প্রথম ম্যাচে ২৬ বলে অর্ধশতক করে সাকিবকে ছুঁয়ে ফেলেছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে ১৮ রানেই থেমে যান বাংলাদেশ অধিনায়ক।
ফলে শেষ ম্যাচেই সুযোগ পান লিটন। ইনিংসের শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। মাত্র ১৬ বলে সংগ্রহ করেন ৪২ রান।
তবে বৃষ্টির কারণে বিরতি আসায় কিছুটা ধীর হয়ে যায় তার ব্যাট। বিরতির পর ১০ বলে মাত্র ৪ রান করলেও শেষ পর্যন্ত ডোরেমের বলেই ছক্কা মেরে পূর্ণ করেন ফিফটি। ইনিংসটি সাজে পাঁচটি চার ও তিনটি ছক্কায়।
রেকর্ডের দিক থেকেও এগিয়ে গেলেন তিনি। লিটনের ১৪ ফিফটি এসেছে মাত্র ১০৮ ইনিংসে।
অন্যদিকে, সাকিবকে একই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ১২৭ ইনিংস।
যদিও ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক থেকে সাকিব এগিয়ে আছেন। তার সর্বোচ্চ ৮৪ রান, যেখানে লিটনের সেরা ইনিংস ৮৩।
বাংলাদেশের হয়ে ফিফটির তালিকায় লিটন ও সাকিবের পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩০ ইনিংসে করেছেন ৮টি ফিফটি।
ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই সাবেক অধিনায়ক ছিলেন দীর্ঘদিন দলের অন্যতম ভরসা।
তবে সবাইকে ছাড়িয়ে গেছেন লিটন কুমার দাস।




