বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের আসন্ন ১২তম আসরে আবারও দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে,
ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি। গেল মৌসুমে প্রথমবারের মতো দলটির সহ-মালিক হিসেবে টুর্নামেন্টে অংশ নেন তিনি, যা দেশের ক্রিকেট ও বিনোদনপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
গ্যালারিতে শাকিবের উপস্থিতি সে সময় স্টেডিয়ামের উচ্ছ্বাসকে অন্য মাত্রায় নিয়ে যায়।
যদিও ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি, তবুও পুরো আসর জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সুপারস্টার।
সূত্র নিশ্চিত করেছে এবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকবে শাকিব খানের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস ।
একই সূত্র স্পোর্টস টাইমসকে জানয়েছে, প্রতিষ্ঠানটির ২০ শতাংশ মালিকানা শাকিব খানের হাতে, যা তাকে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মুখ্য অংশীদার করে তুলেছে।
বিসিবির সঙ্গে পাঁচ বছরের চুক্তি অনুযায়ী পরবর্তী পাঁচটি আসরেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি শাকিব খান নিজে।
প্রথম আসরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে আরও শক্তিশালী স্কোয়াড গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি।
জানা গেছে, দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে ব্যালান্সড দল তৈরির চেষ্টা চলছে, যাতে ঢাকা আবারও শিরোপার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। এবারে অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি,ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।
বাদ পড়েছে খুলনা ও বরিশাল। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, আর টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে।
বর্তমানে দলগুলোর মালিকায় ঢাকা: চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুর: টগি স্পোর্টস, চট্টগ্রাম: ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহী: নাবিল গ্রুপ এবং সিলেট: ক্রিকেট উইথ সামি।
রূপালি পর্দায় দীর্ঘদিনের আধিপত্যের পর এবার মাঠের খেলায়ও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন ঢালিউডের কিং খান। পরপর দ্বিতীয়বার বিপিএলের দল কিনে নতুন এক উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী ভক্তদের মাঝে।




