সামনে আসছে আইপিএলের মিনি নিলাম, যেখানে অংশ নিতে প্রস্তুত সব ফ্র্যাঞ্চাইজি।
আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই নিলাম। তার আগে প্রতিটি দল তাদের ছাড়পত্রপ্রাপ্ত ও ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত, বিশেষ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে প্রশ্ন তৈরি করেছে নতুন সম্ভাবনা।
গত আইপিএল মৌসুমে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।
তিনি ছিলেন অস্ট্রেলিয়ার উদীয়মান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের রিপ্লেসমেন্ট।
সে কারণে মৌসুম শেষে তাদের চুক্তিও শেষ হয়ে যায়। নতুন নিলামের আগে দিল্লি যে তাকে ধরে রাখবে না,এটা মোটামুটি অনুমেয়ই ছিল। তবে এখন বড় প্রশ্ন হচ্ছে, আসন্ন মিনি নিলামে কোনো দল কি মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহ দেখাবে?
নিলামের আগে দিল্লি ক্যাপিটালস কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম,
ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও সেদিকুল্লাহ অটল।
গুঞ্জন ছিল ভারতীয় পেসার নাটারাজনকে ছেড়ে দিতে পারে দিল্লি। তবে শেষ পর্যন্ত পেস বোলিং শক্তি ধরে রাখতে তাকে রেখেই দিয়েছে দলটি।
এদিকে ফ্র্যাঞ্চাইজিটি নিলামে নামছে মোট ২১ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি বাজেট নিয়ে,যা বাংলাদেশের টাকায় ৩০ কোটির বেশি।
এই অর্থ দিয়ে তারা দ্রুতগতির বোলার, অলরাউন্ডার ও অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার কেনার দিকেই নজর দেবে বলে সম্ভাবনা রয়েছে।
ফলে দৃষ্টি স্বভাবতই ঘুরে যাচ্ছে মুস্তাফিজের দিকে, যিনি টি-টোয়েন্টিতে অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ডেথ বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বহুবার।
তাই মুস্তাফিজ কি নতুন করে কোনো দলের নজরে পড়বেন, নাকি আবারও ভারতীয় মাটিতে নিজের কাটার-ম্যাজিক দেখাতে ফিরবেন দিল্লীর জার্সিতেই,তার
জবাব মিলবে ১৬ ডিসেম্বরের নিলামেই।




