বিপিএলয়ের পরবর্তী আসরকে সামনে রেখে দল গোছানোর কাজে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঢাকা ক্যাপিটালস।
একের পর এক তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর ইঙ্গিতে সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বাড়ছিল, এবার সেটিকে বাস্তবে রূপ দিল দলটি।
বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলসকে সরাসরি দলে নেওয়ার বিষয়টি ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল পোস্টে নিশ্চিত করেছে।
মঙ্গলবার ঢাকা তাদের ফেসবুক পেজে একটি রহস্যজনক পোস্ট দিয়ে লেখে “গত বছর ছিনিয়ে নিয়েছিল।
এ বছর ফিরিয়ে নিলাম। মৌসুমের টুইস্টটা ধরতে পারবেন?” এমন বার্তায় সমর্থকরা তখনই ধারণা করেন, হেলসকেই দলে টানতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
আর ঠিক পরদিনই দলটির অফিসিয়াল ঘোষণা আসায় স্পষ্ট হয়, এ বছরের সবচেয়ে বড় বিদেশি সাইনিংয়ের লড়াইয়ে ঢাকাই বাজিমাত করেছে।
গত মৌসুমে হেলসকে ঢাকার জার্সিতে দেখা যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিষয়টি বাস্তবায়ন হয়নি।
পরবর্তির্তে তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে এবং ব্যাট হাতে ঝড় তুলে নজর কাড়েন সবাইকে। বিপিএলে তার পারফরম্যান্সই বলে,কেন তাকে দলে নেওয়া যেকোনো দলের জন্য ম্যাচ-উইনিং সিদ্ধান্ত হতে পারে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজোড়া খ্যাতি হেলসের। ১৪০ স্ট্রাইকরেটে ইংল্যান্ডের হয়ে ৭৫ ম্যাচে করেছেন ২,০৭৪ রান।
বিশ্বের প্রায় সব বড় টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলের আসরেও তিনি ছিলেন দুর্দান্ত,৬ ইনিংসে ১৫৫ স্ট্রাইকরেটে করেন ২১৮ রান, যার মধ্যে ছিল এক ইনিংসে ১১৩ রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস।
হেলসের মতো বিশ্বমানের ওপেনারকে দলে টানায় ঢাকার শক্তিমত্তা নিঃসন্দেহে কয়েকগুণ বেড়ে গেল।
এর আগে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভেড়ায় দলটি। ফলে এবার ঢাকার স্কোয়াডে গতি, অভিজ্ঞতা, তারকা পাওয়ার এবং বিধ্বংসী ব্যাটিং,সবকিছুরই দারুণ সমন্বয় তৈরি হয়েছে।
বিপিএল জয়ের স্বপ্ন নিয়ে দাপট দেখাতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালস।
আর সামনে থেকে সেই তাণ্ডবের নেতৃত্ব দেবেন বিধ্বংসী অ্যালেক্স হেলস এমনটাই মনে করছেন সমর্থকরা।




