চট্টগ্রাম বাদে আগে থেকেই সবার ছিল ৪ সাইনিং। নিলাম থেকে দেশী ১২ জনকে নিয়েছে তারা, সবাই বিদেশী নিয়েছে নুন্যতম ২ জনই।
২৫০ জন বিদেশীদের মাঝে অনেক হাইভোল্টেজ তারকা দল পাননি, আবার দলগুলো নিয়েছে অনেক সাধারণ নাম।
অপরদিকে দেশী নামগুলো নিয়ে কাড়াকাড়ি হয়েছে, তার মাঝেই সবাই গড়েছে নিজেদের পছন্দমত দল।
নিলামে সবচেয়ে নজর কেড়েছে রংপুর ও রাজশাহী৷ উত্তরবঙ্গের দুই দল যেন ছক্কা মেরে দিয়েছে নিলামে।
নিলাম থেকে এ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে নেয় রংপুর। লিটন ছাড়াও রংপুরের বড় নাম নাহিদ রানা, তৌহিদ হৃদয়, আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদরা৷ যদিও নিলাম থেকে বড় বিদেশী নেয়নি তারা, তবে নিলামের বাইরেই এই জায়গায় রংপুর গুছিয়ে নিচ্ছে নিজের মত।
আসরে চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে ভালো ফাইটই দিতে চাইবে তারা।
অপরদিকে দেশী অনেক উদীয়মান তারকাদের নিয়েছে রাজশাহী। রিপন, জিসানদের পেয়েছে পানির দামে, সোহান, মেহরব, ওয়াসি, সাকলাইন, মুরাদ, রুবেলদের দলে নিয়েছে তারা। আবার শেষে গিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে অভিজ্ঞতার জায়গাটাও পুর্ণ করলো তারা।
বিদেশীদের মাঝে তাদের পছন্দ জাহানদাদ ও হেমান্থা।
অঙ্কন, জাকের মত খেলোয়াড়দের দলে নিয়েছে নবাগত নোয়াখালী, বিদেশীদের মাঝে আছেন দুই পাকিস্তানি ইসহানউল্লাহ ও হায়দার আলী।
যদিও অনেক তরুণ ক্রিকেটার নিয়ে বাজি ধরেছে তারা, অফফর্মে থাকা ক্রিকেটারদেরও নিয়েছে। তবে নিলাম থেকে ফুল মার্ক্স দেওয়ার উপায় নেই তাদের।
নিলামে ভালো দল গড়েছে ঢাকা। শামীম, সাইফুদ্দিন, মিথুন, তাইজুলদের দলে নিয়েছে, সাব্বির, তোফায়েল, মারুফদের সাথে লঙ্কান অলরাউন্ডার শানাকা ঢাকার দারুণ পাওনা।
অপরদিকে আসরের সবচেয়ে দামী ক্রিকেটার নাইম শেখের ঠিকানা চট্টগ্রামে। বাকিদের মাঝে শরীফুল, মুগ্ধ, জয়রা আছেন।
তবে সানি, জিয়া, রনি, সালমানরা কতটা মেলে ধরতে পারেন সেটাই প্রশ্ন। বিদেশীদের মাঝে আছেন দুই লঙ্কান ডিকওয়ালা ও এঞ্জেলো পেরেরা।
সিলেট দল গড়েছে ভারসাম্যপুর্ণভাবে। ইমন, খালেদ, আফিফ, জাকির, আরিফুল, রুয়েল, এবাদতদের নিয়েছে তারা, যারা ফর্মে থাকলে এই দল হতে পারে শিরোপার দাবিদার।
এর বাইরে রাহাতুল ফেরদৌস, তৌফিক খান তুষারের মত খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে তারা।
সব মিলিয়ে রংপুর, রাজশাহী এবারের নিলামের সবচেয়ে চমক করা দল। ঢাকা ও সিলেট এরপরের সারিতে থাকবেন।
তবে নোয়াখালী ও চট্টগ্রামের দল নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি আছে। সব মিলিয়ে এবার দেখা যাক, মাঠের খেলায় কে কাকে ছাড়িয়ে যায়।




