দাপুটে পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন টাইগার যুবারা।
এই জয়ে শুধু অপরাজিত থাকাই নিশ্চিত হয়নি, বরং সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হওয়ার সমীকরণও চূড়ান্ত হয়েছে।
২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে তারা ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে ১৮৬ রানে।
লাল-সবুজদের হয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ছিলেন সবচেয়ে সফল। দুজনেই সমান তিনটি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
এর আগে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।
সমান দুই জয় নিয়ে শ্রীলঙ্কাও শেষ ম্যাচে নামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। অন্যদিকে ‘এ’ গ্রুপে সব ম্যাচ জিতে শীর্ষে থাকে ভারত, আর চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় পাকিস্তান।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপের মুখোমুখি হয় সেমিফাইনালে। ফলে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ওঠায় পাকিস্তানকেই শেষ চারের প্রতিপক্ষ হিসেবে পেলো বাংলাদেশ।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬.৩ ওভারে অলআউট হয়ে তোলে ২২৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার।
মাত্র ৩৬ বলের ইনিংসে ৪টি চার ও ৪টি ছক্কায় ঝলমলে ছিলেন তিনি। এছাড়া রিফাত বেগ করেন ৩৬, কালাম সিদ্দিকীর ব্যাট থেকে আসে ৩২ রান।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও ফরিদ হাসান দুজনেই ২৯ করে রান যোগ করেন। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন কাবিজা গামাগে, যিনি ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট।
লক্ষ্য খুব বড় না হলেও বাংলাদেশের বোলাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৪৪ রানের মধ্যেই শ্রীলঙ্কার টপ অর্ডারের চারটি উইকেট তুলে নেয় তারা।
মিডল অর্ডারে চামিকা হিনাতিগালা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শাহরিয়ারের আঘাতে থেমে যান তিনি। ৬৭ বলে এক চারসহ ৪১ রান করে বোল্ড হন হিনাতিগালা। ১২৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে লঙ্কানরা।
নবম উইকেটে আদম হিলমি ও রসিথ নিমসারা ৫৬ রানের জুটি গড়ে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন।
৩৮ বলে ৩৯ রান করা হিলমি আউট হলে সেই জুটি ভাঙে। শেষ পর্যন্ত নিমসারা ২৫ বলে ১২ রান করে বিদায় নিলে ১৮৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় দুবাইয়ে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে নামবে বাংলাদেশ।




