বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে দল গঠনে বড় চমক দেখাল টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর পর এবার তার ছেলে, তরুণ ক্রিকেটার হাসান ইসাখিলকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর ফলে বিপিএলের ইতিহাসে বিরল এক অধ্যায় রচিত হতে যাচ্ছে,একই দলে খেলতে দেখা যেতে পারে বাবা ও ছেলেকে।
নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে মোহাম্মদ নবীর যোগদান নবাগত দলটির শক্তির ভিত আরও মজবুত করেছে।
বিপিএলের মঞ্চে নবী পরিচিত ও পরীক্ষিত নাম। এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নিয়মিত পারফর্ম করেছেন।
অভিজ্ঞ এই আফগান অলরাউন্ডার বল হাতে কার্যকর *অফ স্পিন এবং ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সুপরিচিত।
সম্প্রতি এশিয়া কাপে এক ওভারে ৩২ রান তুলে নিয়ে নিজের পাওয়ার-হিটিংয়ের সক্ষমতা নতুন করে প্রমাণ করেছেন তিনি।
নোয়াখালী এক্সপ্রেসের মিডল অর্ডারে তার উপস্থিতি দলের জন্য বড় ভরসা হয়ে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
অন্যদিকে, নবীর ছেলে হাসান ইসাখিল আফগানিস্তানের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের একজন।
বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। বিপিএলের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে বাবার সঙ্গে একই দলে সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।




