বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অদম্মো বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬।
ফেব্রুয়ারির এই প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও বর্ণিল এক আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছে বিসিবি।
পুরস্কার অর্থ ও খেলোয়াড় পারিশ্রমিক মিলিয়ে মোট ২.৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা এই লিগকে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে পরিণত করেছে।
এই টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল,ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।
ধূমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়কত্ব করবেন তরুণ উইকেটকিপার,ব্যাটার আকবর আলী।
কোচিং প্যানেলেও রাখা হয়েছে অভিজ্ঞ ও পরিচিত মুখ। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
দুর্বার একাদশের হেড কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী হিসেবে থাকবেন তুষার ইমরান। অন্যদিকে দুরন্ত একাদশের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন হান্নান সরকার, সহকারী কোচ হিসেবে কাজ করবেন রাজিন সালেহ আলম।
অদম্মো বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার কনসেপ্ট, যা ম্যাচ চলাকালীন কৌশলগত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি।
টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। দর্শকদের জন্য প্রতিদিনই থাকছে বাড়তি আকর্ষণ,বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান,এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ!
টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দর্শকবান্ধবভাবে। ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১,০০০ টাকা।




