বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর হঠাৎ করেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি আবারও আইসিসি-এর ডিরেক্টর হয়েছেন। এ নিয়ে রিতীমত তাকে প্রশংসায় ভাসাচ্ছে নেটিজেনরা।দুঃখজনক হলেও এই খবর অনলাইনে প্রকাশ করেছে বেশ কিছু মূল ধারার গনমাধ্যমও।
তবে বাস্তবতা ভিন্ন, আর এই গুজবের পেছনের কারণও বেশ স্পষ্ট।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয় বিসিবি-র আগের পরিচালনা পর্ষদ। এরপর সাবেক অধিনায়ক তামিম ইকবাল-এর নেতৃত্বে গঠন করা হয় ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি। নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিমই, এবং সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক সভাগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্বও তিনিই করবেন।
তবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো বিসিবির প্রতিনিধি হিসেবে বুলবুলের নাম দেখা যাচ্ছে। এখান থেকেই মূলত বিভ্রান্তির সৃষ্টি। অনেকেই ধরে নিয়েছেন, তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি শুধুই তথ্য হালনাগাদের বিলম্ব।
সাধারণত কোনো দেশের ক্রিকেট বোর্ডে নেতৃত্ব পরিবর্তন হলে সেই তথ্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এরপরই তাদের ওয়েবসাইটে আপডেট আসে। বিসিবির ক্ষেত্রেও সেই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি বলেই পুরনো তথ্য রয়ে গেছে। ফলে বুলবুলের নাম এখনো তালিকায় দেখা যাচ্ছে, যা গুজবের জন্ম দিয়েছে।
শুধু বাংলাদেশ নয়, একই ধরনের পরিস্থিতি দেখা গেছে বিসিসিআই-এর ক্ষেত্রেও। তাদের বোর্ডে পরিবর্তন এলেও আইসিসির তালিকায় এখনো পুরনো প্রতিনিধিদের নাম রয়ে গেছে। অর্থাৎ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রশাসনিক আপডেটের স্বাভাবিক বিলম্ব।
সব মিলিয়ে পরিষ্কার, বুলবুল নতুন করে আইসিসির ডিরেক্টর হননি। বরং এটি আইসিসির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ না হওয়ার ফল।




