বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ললিত মোদি।
তাঁর দাবি, টুর্নামেন্টের জনপ্রিয়তা ও দর্শকসংখ্যা ধরে রাখতে অনেক বিতর্কই পরিকল্পিতভাবে তৈরি করা হতো। সম্প্রতি ‘হিউম্যানস অব বোম্বে’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
ললিত মোদি বলেন, আইপিএলের শুরুর বছরগুলোতে টুর্নামেন্টকে নিয়মিত আলোচনায় রাখার জন্য একটি সুপরিকল্পিত কৌশল অনুসরণ করা হতো।
তাঁর ভাষায়, কোনো মৌসুমে টেলিভিশন রেটিং বা দর্শকসংখ্যা কমতে শুরু করলে ইচ্ছাকৃতভাবে নতুন কোনো বিতর্ক সামনে আনা হতো।
এরপর সেই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হতো, যাতে সাধারণ মানুষের কাছে সেটি স্বাভাবিক ও আকস্মিক বলে মনে হয়। বাস্তবে এসবের অনেকটাই ছিল পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ।
নিজের বক্তব্যের পক্ষে একটি নির্দিষ্ট ঘটনাও তুলে ধরেন মোদি। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার এক অধিনায়ক ও এক চিয়ারলিডারের সম্পর্কের বিষয়টি জানার পর সেটি সংবাদমাধ্যমে ফাঁস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

খবরটি প্রকাশের পর ব্যাপক চর্চার জন্ম নেয় এবং আইপিএলের দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। পরবর্তীতে ওই ক্রিকেটার সত্যিই সেই চিয়ারলিডারকে বিয়ে করেছিলেন। তবে প্রেমের সম্পর্ক নয়, বরং খবরটি প্রকাশ্যে আনার পুরো প্রক্রিয়াটিই পরিকল্পিত ছিল বলে দাবি করেন মোদি।
তাঁর মতে, আইপিএলের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল মাঠের বাইরের আলোচিত ঘটনাগুলো। ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বিভিন্ন বিতর্ক, গুঞ্জন ও আলোচনাও দর্শকদের টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত আইপিএল আসরেও একাধিক বিতর্ক শিরোনাম হয়েছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ এবং পাঞ্জাব কিংসের স্পিনার যুজবেন্দ্র চাহালের ভেপিং-সংক্রান্ত ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা এবং কিছু মন্তব্যকে ঘিরে বিতর্কে জড়ান পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফ্র্যাঞ্চাইজিটি তাঁর ভ্লগিং কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করে।
ললিত মোদির এই বিস্ফোরক স্বীকারোক্তির পর ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আইপিএলের ইতিহাসে বহুল আলোচিত কিছু বিতর্ক আদৌ স্বাভাবিকভাবে ঘটেছিল, নাকি সেগুলোর পেছনেও ছিল সুপরিকল্পিত কোনো চিত্রনাট্য,যদিও মাঠের বাহিরেই নয় অনেকের ধারনা আইপিএলের মাঠের ক্রিকেটও সাজানো নাটকই!




