দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ লিগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণের সুযোগ পাননি।
তবে আসন্ন মৌসুমে এই লিগে দেখা যেতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে,এমনটাই জানিয়েছে দৈনিক দ্য ডেইলি সানন।
প্রতিবেদন অনুযায়ী, সানরাইজার্স ইস্টার্ন কেপ ফ্র্যাঞ্চাইজি রিশাদ হোসেনকে দলে ভেড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ফলে রিশাদের সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
এ বিষয়ে ডমিঙ্গো দ্য ডেইলি সানকে বলেন, “হ্যাঁ, এমনই মনে হচ্ছে।”
এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন রিশাদ হোসেন।
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট শিকার করেন তিনি।
এছাড়া বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছিলেন এই লেগ স্পিনার।
এসএ২০ লিগের আগামী আসর শুরু হবে ৯ জানুয়ারি থেকে, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
সেখানে সুযোগ পেলে এটি হবে রিশাদের তৃতীয় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে অংশগ্রহণ নিশ্চিত হলে বিপিএলে তার খেলা নিয়ে তৈরি হতে পারে অনিশ্চয়তা, যেমনটি দেখা গিয়েছিল বিগ ব্যাশে অংশ নেওয়ার সময়।




