টি২০ ক্রিকেট অলরাউন্ডারদের খেলা। দলে যত বেশি থাকবে কার্যকর অলরাউন্ডার, তত বদলে যাবে ম্যাচের চিত্র।
সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে সফল হওয়া দলেও আধিক্য অলরাউন্ডারদের। সেখানেই কিছুটা পিছিয়ে বাংলাদেশ দল। দীর্ঘমেয়াদে ভালো করতে হলে দরকার একজন পেস বোলিং অলরাউন্ডার। সেখানেই আলোচনায় আছেন তিন মুখ।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পান সাকলাইন।
নতুন বলে সুইং করাতে পারতেন, সাথে মিডল ও ডেথে দিতে পারতেন স্লোয়ার ও ইয়ার্কার। সাকলাইনের লাইন লেন্থ ঘরোয়ার পাশাপাশি এ দলেও লেগেছে কাজে।
পাশাপাশি নিচের দিকে নেমে কার্যকর ব্যাটিং করার সক্ষমতা রয়েছে তার। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ একেবারেই ভিন্ন।
সুযোগ পেলেও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সামর্থ্যের পুরোটা দেখাতে পারেননি তিনি। বল হাতে রান হজম করেছেন, ব্যাট হাতেও প্রত্যাশা পুরণ করতে পারেননি।
তবুও একটি বা দুটি ম্যাচ দিয়ে কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ বিচার করা ঠিক হবে না। কেননা এই পজিশনে কেউই দলে নন স্থায়ী।
একসময় এই দায়িত্বটা অনেকটাই কাঁধে তুলে নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে ইনজুরি, ফর্মের ওঠানামা এবং দলে নিয়মিত জায়গা হারানোর কারণে সেই ধারাবাহিকতা আর ধরে রাখা সম্ভব হয়নি।
নতুন বলে উইকেট নেওয়া থেকে শুরু করে ডেথ ওভারে বোলিং, দুই ক্ষেত্রেই তার অভিজ্ঞতা রয়েছে।
ব্যাট হাতেও খেলতে পারেন আক্রমণাত্মক ক্রিকেট। যদিও ইনজুরি তাকে বারবার পিছিয়ে দিয়েছে। এর বাইরে বল ও ব্যাটে অধারাবাহিকতার জন্য সমালোচনা হয় তাকে নিয়ে। তবুও ফিট থাকলে এখনও তিনি নির্বাচকদের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ নাম।
তানজিম সাকিব বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ নাম হতে পারেন। কিন্ত যে কাজের জন্য এই অলরাউন্ডার খোজা, ব্যাট হাতে ততটা পক্ব নন সাকিব।
মূলত একজন আক্রমণাত্মক পেসার হিসেবেই পরিচিত তিনি । গতি, বাউন্স এবং আগ্রাসী মানসিকতার কারণে ইতোমধ্যেই তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।
তবে ব্যাট হাতে তার গড় ১৩, স্ট্রাইক রেট ১০৩। যদিও একটি ফিফটি হাকিয়েছেন তিনি, তবে এখনও প্রমাণিত কোন মুখ নন ব্যাট হাতে।
তবে বর্তমান অবস্থায় অলরাউন্ডার হিসেবেও তাকে পরিচিত করার চলছে কাজ।
বাংলাদেশ দলের সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। ফলে এই তিনজনের সামনেই নিজেদের সামর্থ্য প্রমাণ করার সুযোগ থাকবে।
বোর্ডও চাইবে এদের মাঝে কাউকে তৈরি করার। তাই শেষ পর্যন্ত নাম নয়, পারফরম্যান্সই ঠিক করবে কে হবেন বাংলাদেশের পরবর্তী স্থায়ী পেস বোলিং অলরাউন্ডার




