ভক্তদের আশা ছিল অনেকদিন ধরেই। তবে নির্বাচকদের মন গলছিল না। বিপিএল বা ঘরোয়া টি২০ আসরে পারফর্ম করেও সাব্বির রহমান পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত নজর।
জাতীয় দল থাক, জাতীয় দলের আশেপাশেও সুযোগ পাচ্ছিলেন না। ফলে তাকে নিয়ে আক্ষেপের জায়গা ছিল ভক্তদের।
তবে ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ। খুব শীঘ্রিই বাংলাদেশ দলের রাডারে প্রবেশ করছেন সাব্বির রহমান।
অষ্ট্রেলিয়ায় টি২০ টুর্নামেন্টের আগেই সাব্বির আসছেন বাংলাদেশ দলে। এ দলের ব্যানারে আবারো দেশকে রিপ্রেজেন্ট করার মিশনে নামছেন সাব্বির।
সাম্প্রতিক সময়ে ফিনিশার পজিশন নিয়ে শঙ্কার জায়গা তৈরি হয়েছে বড় আকারে। জাকের আলী লেগসাইডে খেলে সফল হতে পারেননি৷ অনেকদিন জাতীয় দলে থাকলেও নুরুল হাসান সোহান মন জয় করতে পারেননি কারো।
এর মাঝে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে আশা দেখলেও তিনি আছেন চুড়ান্ত অফফর্মে। তাই এই পজিশন নিয়ে নতুন করে ভাবছে নির্বাচকরা।
আর সেখানেই টপ এন্ড টি২০ সিরিজকে পরীক্ষার মঞ্চ বেছে নিয়েছে তারা। এই মঞ্চ থেকেই সাইফ হাসান জাতীয় দলে ফিরেন।
টি২০ ক্রিকেটের পাইপলাইন বলা যায় এই দলকে। এর আগে একবার টপ এন্ড টি২০ তে রানারআপ হয় বাংলাদেশ। অষ্ট্রেলিয়ায় হওয়া এই আসরে আবারো খেলতে যাচ্ছে বাংলাদেশ এ দল। আর সেখানেই এবার সুযোগ পেতে যাচ্ছেন সাব্বির রহমান।
অর্থ্যাৎ সাব্বির রহমানের জন্য দরজা খুলে গেলো এবার। একাধিক গণমাধ্যমের মতে, টপ এন্ড টি২০ সিরিজে সাব্বিরকে সুযোগ দিয়ে রাখা হবে জাতীয় দলের বিবেচনায়।
অর্থ্যাৎ অষ্ট্রেলিয়ায় টুর্নামেন্টে পারফর্ম করতে পারলে জাতীয় দলের দরজা সাব্বিরের জন্য খুলে যাবে অটোমেটিক।
এখন সবকিছুই নির্ভর করছে সাব্বির রহমানের নিজের পারফরম্যান্সের ওপর। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো ব্যাটিং করতে পারলে শুধু নির্বাচকদের আস্থাই ফিরে পাবেন না, জাতীয় দলের মিডল অর্ডার ও ফিনিশারের জায়গার জন্যও শক্ত দাবি জানাতে পারবেন
অভিজ্ঞতা, পাওয়ার হিটিং ও ক্লাসিক ব্যাটিং, সবকিছুর মিশ্রণ আছে সাব্বির রহমানের মাঝে।
তাই আসন্ন টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং সাব্বির রহমানের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর মঞ্চ। এখন দেখার বিষয়, এই সুযোগকে তিনি কতটা কাজে লাগাতে পারেন এবং ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে নিয়মিত জায়গা করে নিতে পারেন কি না।




