মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে মাঠে নামতে আর মাত্র একদিন বাকি। দীর্ঘদিন পর লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে সাব্বিরকে,একই সাথে একাদশে থাকবেন শামীম হোসেন পাটওয়ারী।
আগামী ৮ আগস্ট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ও মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল।
তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাব্বির রহমানকে ঘিরে। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের পাইপলাইনে থাকা এই ব্যাটার প্রথম একাদশে সুযোগ পান কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
দলের সম্ভাব্য কম্বিনেশন বিবেচনায় সাব্বিরের খেলার সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা, বড় শট খেলার সক্ষমতা এবং চাপের মুহূর্তে ইনিংস সামলানোর দক্ষতা নির্বাচকদের আস্থা পেতে পারে। পাঁচ নম্বরে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ওপেনিংয়ে জিসান ও জাওয়াদ আবরারের জুটিই সবচেয়ে সম্ভাব্য। শুরুতেই দ্রুত রান তুলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার দায়িত্ব থাকবে এই দুজনের কাঁধে।
তিন নম্বরে ব্যাট করতে পারেন আরিফুল ইসলাম ইথুন। চার নম্বরে নেতৃত্ব দেবেন অধিনায়ক মেহরব হোসেন, যিনি ইনিংস গড়ে তোলার পাশাপাশি বড় সংগ্রহের ভিত্তি তৈরির দায়িত্ব পালন করবেন।
ছয় নম্বরে আক্রমণাত্মক ব্যাটার শামীম হোসেন পাটওয়ারীর থাকার সম্ভাবনা রয়েছে।
সাত নম্বরে স্পিন অলরাউন্ডার মাহফুজুর রাব্বি এবং আট নম্বরে রাকিবুল হাসান দলকে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাড়তি ভারসাম্য এনে দিতে পারেন।
পেস আক্রমণের নেতৃত্বে থাকতে পারেন আবু হায়দার রনি। তার সঙ্গে একাদশে দেখা যেতে পারে রুবেল ও অলরাউন্ডার সাকলাইনকে। স্পিন ও পেসের সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনাই থাকবে টিম ম্যানেজমেন্টের।
বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত মাত্র একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। ২০২৩ সালের এশিয়ান গেমসে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ মাত্র ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল।
ওই ম্যাচের দলে থাকা শামীম হোসেন ও রাকিবুল হাসান এবারও এইচপি দলে রয়েছেন, যা বাংলাদেশকে অভিজ্ঞতার দিক থেকে বাড়তি সুবিধা দিতে পারে।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, একই ভেন্যুতে। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজ।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিদেশি কোনো দল এবারই প্রথমবারের মতো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে।তবে তার আগেই আগামীকাল সাব্বির শো দেখার অপেক্ষায় থাকবে বাংলাদেশের দর্শকরা।




