আন্তর্জাতিক ক্রিকেটের তারকাদের সঙ্গে এবার আইএলটি-২০ নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
আসন্ন আসরের নিলামের জন্য ২৩টি দেশ থেকে ৪০০-র বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশের ১০ ক্রিকেটার রয়েছেন তিনটি ভিন্ন ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।
সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলারের ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৯৮ লাখ ৫৬ হাজার টাকা।
একই ক্যাটাগরিতে রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসিস, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, নাসিম শাহ ও ফিল সল্টের মতো তারকারা।
এর পরের ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার।
তারা হলেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। বাংলাদেশি মুদ্রায় তাদের ভিত্তিমূল্য প্রায় ৪৯ লাখ ২৮ হাজার টাকা।
এই তালিকায় তাদের সঙ্গে রয়েছেন শাদাব খান, তাবরাইজ শামসি, কুশল পেরেরা ও ক্রিস গ্রিনসহ আরও কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার।
বাংলাদেশের আরও তিন ক্রিকেটার তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন ১০ হাজার ডলারের ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ ৩২ হাজার টাকা। এই গ্রুপে রয়েছেন উইল স্মিড, জর্জ মানসি, ইশ সোধি ও ম্যাথু পটসের মতো ক্রিকেটাররাও।
এদিকে নিলামের আগেই দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রি সাইনিং প্রক্রিয়ার মাধ্যমে তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ফলে নিলামের টেবিলে মোস্তাফিজকে নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকছে না।
এবারের নিলামে মোট ২৩টি দেশের ২০০ বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবের ক্রিকেটাররাও জায়গা পেয়েছেন নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায়।
পাকিস্তান থেকে ১৭ জন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও আইএলটি-২০ নিলাম হতে যাচ্ছে নিজেদের মূল্য প্রমাণের আরেকটি বড় মঞ্চ।




