মাঠের ক্রিকেটে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন। একটা সময় একটা জয়ের জন্য চাতক পাখির মত চেয়ে থাকত বাংলাদেশ দল, সেখান থেকে বাংলাদেশকে নিয়মিত জয়ের মুখ দেখিয়েছেন।
অধিনায়ক হিসেবে দলকে এক সুতোয় বেধেছেন, আবার বিশ্বাঙ্গনেও পেয়েছেন পরিচিতি। অথচ সেই মাশরাফির বাড়ির উপর আঘাত করতেই ভাবা হয়নি দুইবার।
প্রতিপক্ষের বড় নাম দেখলেই যেখানে ম্যাচের আগেই ভয় ঢুকে যেত, সেই বাংলাদেশকেই ধীরে ধীরে বিশ্বাস করতে শিখিয়েছেন মাশরাফি।
নিজের শরীরের সীমাবদ্ধতাকে পাশে সরিয়ে বারবার মাঠে ফিরেছেন। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। বিশ্ব ক্রিকেটেও তৈরি করেছেন আলাদা পরিচিতি।
অথচ আঘাত এলো দেশের কোটি মানুষের মুখে হাসি এনে দেওয়া অধিনায়কের ঘরেই।
মাশরাফির বাড়িতে হামলার ঘটনায় কেবল একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের স্মৃতি, ভালোবাসা আর আবেগের একটি প্রতীক।
যে মানুষটি বছরের পর বছর দেশের জন্য লড়েছেন, তার নিজের ঘরই যখন আগুনে পুড়ে কালো হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—একজন মানুষকে তার অবদানের জন্য অন্তত একটু সম্মান দেওয়া যায় না? তবুও মাশরাফি চুপ।
ভক্তদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। নেই কোনো কঠিন কথা। হয়তো তিনি জানেন, ভালোবাসার মানুষকে ভালোবাসতে সবসময় কোনো কারণ লাগে না। আর তাই ভক্তরাও আজ আরও শক্ত করে দাঁড়িয়েছে তার পাশে।
কারণ মাশরাফির ঘর পুড়েছে, কিন্তু মাশরাফিকে পোড়ানো যায়নি।
একজন ক্রিকেটার হিসেবে মাশরাফি মানুষকে আনন্দ দিয়েছেন। অধিনায়ক হিসেবে দিয়েছেন সাহস। আর মানুষ মাশরাফি হয়ে উঠেছেন লাখো ভক্তের আবেগের অংশ।
তাই একটি ঘর পুড়ে যেতে পারে, দেয়ালের রং কালো হয়ে যেতে পারে, স্মৃতিগুলো ছাই হয়ে যেতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে মাশরাফির যে জায়গা, সেটি কি এত সহজে পুড়িয়ে দেওয়া যায়?
দেয়াল কালো হয়েছে, স্মৃতির জায়গাগুলো ছাই হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে মাশরাফি, তিনি এখনো আগের মতোই উজ্জ্বল।
ভক্তরা আগেও তাকে ভালোবাসতেন, এখন যেন আরো ভালোবাসেন। ম্যাশের সেই স্মৃতি মুছে ফেলা যায়নি তাদের থেকে। হয়তো এটাই একজন কিংবদন্তির সবচেয়ে বড় অর্জন।
ভক্তরা মাশরাফিকে মনে রেখেছে তার শেবাগের স্টাম্প উড়িয়ে দেওয়া মুহুর্তে। কিংবা বল হাতে ইংল্যান্ড, উইন্ডিজকে হারানো ম্যাচের স্পেলে।
ভক্তদের কাছে সতীর্থদের সাহস জোগানো মাশরাফিই আজ বেচে আছে। তাই ম্যাশের বাড়ি পোড়ানো হলেও নড়াইল এক্সপ্রেসকে মুছে ফেলা যায়নি দেশের ক্রিকেটাঙ্গন থেকে।
তাই ঘর যতবারই পুড়ুক, স্মৃতি যতবারই ছাই হোক, মাশরাফি ভক্তের হৃদয়ে সেই নক্ষত্রটা জ্বলবেই




