লিওনেল মেসিকে একনজর দেখতে স্পেনে ভক্তদের মধ্যে দেখা গেল তুমুল উন্মাদনা। আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতিকে ঘিরে বিনা মূল্যের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ১৩ মিনিটে।
স্পেনের ওভিয়েদো শহরে মেসির এই অনুষ্ঠানে অংশ নিতে অনলাইনে একসঙ্গে অপেক্ষায় ছিলেন ১৬ হাজারেরও বেশি মানুষ। ফুটবল মাঠের বাইরেও মেসির জনপ্রিয়তার এই চিত্র যেন আরও একবার সামনে আনল তাঁর বৈশ্বিক আবেদন।
আগামী বৃহস্পতিবার স্পেনের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোর পালাসিও দে লস দেপোর্তেসে শিশু ও তরুণদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি।
২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ডসের সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি।
এর এক দিন পরই ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ইন্টার মায়ামির এই তারকা।
রোববার সকাল ১০টায় অনুষ্ঠানের জন্য ৪ হাজার ৭০০টি বিনা মূল্যের টিকিট ছাড়ে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।
টিকিট সংগ্রহের জন্য ফাউন্ডেশনের ওয়েবসাইটে একসঙ্গে ভিড় করেন ১৬ হাজার ২০০ জনের বেশি মানুষ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, টিকিট ছাড়ার মাত্র ১৩ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।
তবে অনুষ্ঠানে শুধু টিকিট পাওয়া দর্শকরাই থাকছেন না। ফাউন্ডেশনের ‘টেক দ্য ফ্লোর’ সাংস্কৃতিক কর্মসূচির অধীনে ‘গেম অব নাম্বার টেন’ কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আরও দেড় হাজার সদস্য উপস্থিত থাকার সুযোগ পাবেন।
মেসিকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করার পেছনে রয়েছে তাঁর দীর্ঘ ও অসাধারণ ক্রীড়াজীবন। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তাঁর মানবিক উদ্যোগও বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে শুধু মেসির অনুষ্ঠানই নয়, প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ডস ঘিরে অন্যান্য আয়োজনেও দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
মার্কিন সংগীতশিল্পী প্যাটি স্মিথের গিজন ও ওভিয়েদোতে দুটি বিনা মূল্যের কনসার্টের টিকিটও কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এমনকি মহাকাশচারী ক্রিস্টিনা কোচের অংশগ্রহণে ওভিয়েদোর একটি বিশেষ অনুষ্ঠানেও দর্শক ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেছে।
সব মিলিয়ে, মেসিকে ঘিরে স্পেনের এই উন্মাদনা আবারও প্রমাণ করছে, তাঁর আকর্ষণ কেবল ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়।প্রতিদ্বন্দ্বীদের কাছেও লিওনেল মেসি এক সুখস্মৃতির নাম।




