ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে আজ ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা।
অ্যানফিল্ডে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে অলরেডদের এগিয়ে দেন মোহামেদ সালাহ। যদিও ৪২ মিনিটে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। কিন্তু বিরতির পর মাক আলিস্তারের দুর্দান্ত অ্যাসিস্টে পা ছুঁইয়ে লিভারপুলকে ফের এগিয়ে দেন দারউইন নুনেস। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান দিয়োগো জতা।
তবে প্রিমিয়ার লিগের দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে জয় পায়নি কোনো দল।
আর্সেনালের মাঠে গিয়ে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার।
এমিরেটস স্টেডিয়ামে ২৬ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। কিন্তু বিরতির আগে তাদের সমতায় ফেরান অধিনায়ক সন হিউং মিন। ম্যাডিসনের ক্রস থেকে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ৫৪ মিনিটে সেই রোমারোর ভুলে আবারও বিপদে পড়ে টটেনহ্যাম। আত্মঘাতী গোল করা এই ডিফেন্ডার এবার হ্যান্ডবল করে বসেন ডি বক্সে। পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। কিন্তু এর এক মিনিট পরই সনের গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। এবার গোলের জোগান দেন ম্যাডিসন।
দু:সময় পিছু ছাড়ছে না চেলসির।ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে মরিসিও পচেত্তিনোর দল। এনিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকল তারা।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ৫৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় চেলসি। লুকাস ডিগনেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মালো গুস্তো। একজন বেশি খেলার সুবিধাটা দু’হাতে লুফে নেয় অ্যাস্টন ভিলা। ৭৩ মিনিটে তাদের হয়ে জয়সূচক গোলটি করেন ওলি ওয়াটকিনস।
অন্যদিকে লা-লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ মাদ্রিদ ডার্বিতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে। নতুন মৌসুমে এটি কার্লো আনচেলেত্তির দলের প্রথম হার।




