পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড। চেলসিকে কাপ জেতানো, বেলজিয়াম ফুটবলকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের দাবিদার বানানোর পিছনে হ্যাহার্ডের বড় ভূমিকা ছিল।
দেশের জার্সিতে গত বছর বিশ্বকাপের মাঝেই অবসর নিয়েছিলেন, এবার ক্লাব ফুটবলও ছেড়ে দেওয়ার কথা জানালেন হ্যাজার্ড। চেলসি ও রিয়াল মাদ্রিদকেও বড় সাফল্য এনে দিয়েছেন ৩২ বছর বয়সী হ্যাজার্ড।
চেলসিকে দু’বার প্রিমিয়র লিগ খেতাব এনে দেওয়ার পর ২০১৯ সালে ১৩০ মিলিয়ন ইউরোয় হ্য়াজার্ড স্পেনের রিয়াল মাদ্রিদে যোগ দেন। ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে হ্যাজার্ডের। কিন্তু চোট আর খারাপ ফর্মের কারণে তিনি আর খেলতে চাইলেন না। রিয়ালের জার্সিতে তিনি দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে জেতেন। যদিও গ্যালাকটিকোদের হয়ে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে পারেননি তিনি।
কাতার বিশ্বকাপে তিনিই বেলজিয়ামের অধিনায়ক ছিলেন। যদিও কাতার বিশ্বকাপে পুরোপুরি হতাশ করে হ্যাজার্ডের বেলজিয়াম। তবে ২০১৮ বিশ্বকাপে হ্য়াজার্ড মাতিয়ে দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম তৃতীয় স্থান পেয়েছিল, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল। ২০১৮ বিশ্বকাপে হ্যাজার্ড রুপার বল জিতেছিলেন।




