বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাবি আলোনসো।
লেভারকুজেনের কোচ হিসেবে অবিশ্বাস্য সাফল্য এনে দেওয়ার পর তাকেই বেছে নিয়েছে রিয়াল বোর্ড, নতুন এক স্বর্ণযুগ গড়ার স্বপ্ন নিয়ে, দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোনসো ভবিষ্যৎ আক্রমণভাগ নিয়ে কাজ শুরু করেছেন।
আর তার পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্দ্রিক।
স্প্যানিশ নির্ভরযোগ্য সংবাদমাধ্যম Relevo জানিয়েছে, জাবি আলোনসো শুধু স্ট্রাইকার হিসেবে নয়, বরং রাইট উইঙ্গার হিসেবেও এন্দ্রিককে খেলানোর কথা ভাবছেন।
তার মানে, যেকোনো মূল্যে মাঠে রাখতে চান এই তরুণকে। কারণ আলোনসোর চোখে, এন্দ্রিক শুধুই একজন ফরোয়ার্ড নন,তিনি একজন বহুমুখী আক্রমণাত্মক অস্ত্র, যিনি একাই বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ।
মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে এন্দ্রিকের।
পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ইউরোপিয়ান জায়ান্টদের নজর কেড়েছেন।
তবে রিয়াল মাদ্রিদ অনেক আগেই তার চুক্তি নিশ্চিত করেছিলো। গত মৌসুমেই তিনি যোগ দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে।
তবে পাননি পর্যাপ্ত সুযোগ।তবে এখন থেকেই তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাচ্ছেন কোচ আলোনসো।
রিয়ালের বর্তমান স্কোয়াডে ভিনিসিয়ুস ও রদ্রিগো থাকায় উইং পজিশনে প্রতিযোগিতা রয়েছে।
তবুও আলোনসোর চোখে এন্দ্রিকের রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য, যা তাকে ডানদিকেও ভয়ংকর করে তুলতে পারে। গতি, শারীরিক শক্তি, ড্রিবলিং দক্ষতা এবং নিখুঁত ফিনিশিং,সবই আছে তার ভেতর।
তাই শুধু সেন্ট্রাল স্ট্রাইকার নয়, উইং থেকেও গোল এবং অ্যাসিস্টে অবদান রাখতে পারেন এই তরুণ।
বিশেষজ্ঞরা বলছেন, জাবি আলোনসোর পরিকল্পনা বাস্তবায়িত হলে রিয়ালের আক্রমণভাগে দেখা যেতে পারে এক ভয়ংকর ত্রয়ী: ভিনিসিয়ুস বাম, এমবাপ্পে মাঝে এবং এন্দ্রিক ডানে। এই ত্রয়ী যে কোনো প্রতিপক্ষের রক্ষণভাগকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে।
সব মিলিয়ে, নেইমারের পর নতুন এক ‘ফেনোমেনন’-এর উত্থান দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান ভক্তরা।
আর সেই মঞ্চ প্রস্তুত করেছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলোনসো। এখন শুধু অপেক্ষা,এই স্বপ্নের দলে বাস্তবে কেমন ঝড় তোলেন এন্দ্রিক।




