৩৮ বছর বয়সেও যেন থামতে জানেন না লিওনেল মেসি। বয়স যত বাড়ছে, ততই নতুন নতুন ইতিহাস লিখে চলেছেন আর্জেন্টাইন জাদুকর।
এবার এমএলএস-এ গোল করে গড়লেন এক অনন্য রেকর্ড, যা এর আগে কেউ কখনো পারেনি।
সম্প্রতি নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করেছেন মেসি, ম্যাচটি শেষ হয় ২-১ ব্যবধানে মিয়ামির জয় দিয়ে।
এই জোড়া গোলের মাধ্যমে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি লিগ ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে কোনো ফুটবলার এই কীর্তি গড়তে পারেননি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে এক গোল করার পর শুরু হয় এই রেকর্ড গড়ার যাত্রা।
এরপর মন্ট্রিয়ালের বিপক্ষে দুই গোল ও এক অ্যাসিস্ট, ক্লাব বিশ্বকাপের আগে কলম্বাসের বিপক্ষে করেন দুই গোল ও দুই অ্যাসিস্ট।
ক্লাব বিশ্বকাপ শেষে আবার মন্ট্রিয়ালের বিপক্ষে করেন দুই গোল ও একটি অ্যাসিস্ট এবং সবশেষে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল।
এই ম্যাচেই ব্যক্তিগত আরও একটি বড় মাইলফলকে পৌঁছান মেসি। খেলার চলমান অবস্থায় বক্সের বাইরে থেকে করা তার দ্বিতীয় গোলটি ছিল ক্যারিয়ারের ১০০তম গোল যা বক্সের বাহির থেকে করা হয়েছে!
এই মৌসুমে এখন পর্যন্ত এমএলএস-এ মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪টি, সঙ্গে রয়েছে ১২টি অ্যাসিস্ট।
সব মিলিয়ে মাত্র ১৫টি লিগ ম্যাচেই এমন অবিশ্বাস্য পরিসংখ্যান।
মেসির এমন পারফরম্যান্সে ফুটবল ভক্তরা প্রশ্ন তুলতেই পারেন—”আর কত রেকর্ড করবেন মেসি?”




