ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে দারুণ জয় পেল চেলসি।
শুক্রবার রাতে স্টামফোর্ড ব্রিজে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে ব্লুজরা।
দলের হয়ে দুটি গোলই এসেছে দুই ব্রাজিলিয়ান তরুণ তারকা এস্তেভাও ও জোয়াও পেদ্রোর পা থেকে।
মাত্র ১৮ বছর বয়সেই ব্রাজিলের বিস্ময়বালক হিসেবে খ্যাতি পেয়েছেন এস্তেভাও।
পালমেইরাস থেকে ৩৪ মিলিয়ন ইউরোতে চেলসিতে আসা এই মিডফিল্ডার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবার নীল জার্সি গায়ে চাপান।
আর অভিষেক ম্যাচেই যেন প্রমাণ করলেন কেন তাকে বলা হয় “ভবিষ্যতের নেইমার”।
ম্যাচের ১৮তম মিনিটে কোল পালমারের শট ক্রসবারে লেগে ফিরে আসলে তা ধরে বাঁ-পায়ের জোরালো শটে জালে পাঠান এস্তেভাও।
শুক্রবারের আগে চেলসির বিপক্ষেই সর্বশেষ খেলেছিলেন এস্তেভাও,ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
এবার সেই দলের হয়েই মাঠে নেমে প্রথম ম্যাচেই আলো কাড়লেন তিনি।
চেলসির হয়ে দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষ মুহূর্তে।
৯০তম মিনিটে ব্রাইটন থেকে দলে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রো নিচু শটে জালে বল জড়িয়ে নিশ্চিত করেন জয়।
ক্লাব বিশ্বকাপে অভিষেকের পর এটিই ছিল স্টামফোর্ড ব্রিজে তার প্রথম গোল।
এই ম্যাচে আরও অভিষেক হয়েছে লিয়াম ডেলাপ, জোরেল হ্যাতো ও জেমি গিটেনসের।
মৌসুম শুরুর আগে চেলসির হাতে আছে আর মাত্র একটি প্রস্তুতিমূলক ম্যাচ—রবিবার তারা মুখোমুখি হবে এসি মিলানের।
এরপর এক সপ্তাহ পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে নতুন মৌসুম শুরু করবে এনজো মারেসকার শিষ্যরা।




