বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে নতুন করে জমে উঠেছে আলোচনা।
গত ১১ অক্টোবর বিপিএলের ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
পুরনো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও কুমিল্লার সঙ্গে প্রথমবারের মতো স্থান পায় নোয়াখালী ও ময়মনসিংহ।
তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়ে নোয়াখালী।
সেই বাদ পড়া নোয়াখালী এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দু। বিসিবি সূত্র জানায়, এবার নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারে দেশ ট্রাভেলস।
প্রতিষ্ঠানটি শুরুতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চাইলেও শর্ত পূরণে ব্যর্থ হয়ে বাদ পড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে নোয়াখালীকে ঘিরে তাদের নতুন পরিকল্পনা দেখা যাচ্ছে। গুঞ্জন, ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামেই তারা বিপিএলে অভিষেক করতে পারে।
ইতোমধ্যে গত ৫ নভেম্বর পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। পুরনো রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসকে রেখে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শর্ত অনুযায়ী, পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে বেশিরভাগই তা পূরণ করতে না পারায় সময়সীমা বাড়ানো হয় ১৮ নভেম্বর পর্যন্ত। নতুন সময়েও কিছু দল গ্যারান্টি দিতে ব্যর্থ হয়।
এ অবস্থায় আলোচনা উঠেছে, ব্যাংক গ্যারান্টি না দেওয়াসহ বিভিন্ন কারণে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বাতিল করছে বিসিবি। আর এখানেই নতুন করে সুযোগ তৈরি হয়েছে দেশ ট্রাভেলসের। তাদের উদ্যোগে ‘চট্টগ্রাম এক্সপ্রেস’ নামেও একটি নতুন দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
তবে সবচেয়ে বড় চমক হতে পারে ৫ দলের বিপিএল নয়, বরং দল বাড়ানোর সম্ভাবনা।
বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে, কোনো দল বাদ না দিয়ে নোয়াখালীকে নতুন দল হিসেবে যুক্ত করার দিকেই ঝুঁকছে তারা।
নোয়াখালীর বিশাল ফ্যানবেস ও অনলাইন ব্র্যান্ড ভ্যালু বিবেচনায় বিসিবি এই অঞ্চলের শক্তিশালী উপস্থিতিকে কাজে লাগাতে চায়।
সবমিলিয়ে নানা দোলাচাল, অনিশ্চয়তা ও নতুন সম্ভাবনায় এবারের বিপিএল বেশ জমজমাট। আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম।




