ব্যাট হাতে দাপট, ফিল্ডিংয়ে অনন্য কীর্তি,একই ম্যাচে যেন দুই রূপে আলো ছড়ালেন তানজিদ হাসান তামিম।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন এই তরুণ ওপেনার।
তাঁর ব্যাট থেকে এদিন এসেছে ৩৬ বলে অপরাজিত ৫৫ রানের ঝড়ো ইনিংস; ইনিংসটিতে ছিল ৩ ছক্কা আর ৪টি চারের মার।
আর এই ফিফটি ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম, যা বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ।
কেবল লিটন দাসের ১৬ ও সাকিব আল হাসান ১৩ আছে তাঁর ওপরে।
ব্যাটিংয়ের পাশাপাশি যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, তা হলো তানজিদের ইতিহাস গড়া ফিল্ডিং। ইনিংসের একেবারে শুরুতে আলগা ফিল্ডিংয়ে একটি চার বেরিয়ে গেলেও দ্রুত নিজেকে শোধরান তিনি।
এরপর এমন মনোযোগী হয়ে ওঠেন যে, ম্যাচের শেষ পাঁচটি ক্যাচই আসে তার হাতজোড়া দিয়ে। বিরল এই দৃশ্য বিশ্ব ক্রিকেটেও কম দেখা গেছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে কোনো ফিল্ডারের ৫ ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে মাত্র দুইজনের,মালদ্বীপের ওয়েডাগে জানাকা মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।
এবার সেই তালিকায় তৃতীয় নাম হিসেবে যুক্ত হলো তানজিদের নাম। গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হ্যামপ্রিস, জর্জ ডকরেল ও বেন হোয়াইট,এই পাঁচজনের ক্যাচ নিখুঁতভাবে ধরে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি।
প্রত্যেকটি ক্যাচই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে। রিশাদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেলানির ক্যাচ দিয়ে শুরু, তারপর লং-অনে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন অ্যাডায়ারের। একই ওভারে আরও একটি নিশ্চিত করেন হ্যামপ্রিসকে বিদায় করে।
শেষ দুই ওভারে ডকরেল ও হোয়াইটকে ধরে পূরণ করেন ‘৫ ক্যাচের’ কোটাটি।
পুর্নাঙ্গ ক্রিকেট মর্যাদা পাওয়া কোনো দলের খেলোয়াড়দের মধ্যে এটিই তামিমই প্রথম ও একমাত্র খেলোয়াড়, যিনি এক ম্যাচেই ধরলেন ৫ ক্যাচ!




