আসন্ন বিপিএলে নোয়াখালী দলের নেতৃত্ব কার হাতে যাচ্ছে—এ প্রশ্নটা নিলামের দিনই ঘুরে ফিরে এসেছে।
দলটি তরুণদের নিয়ে স্কোয়াড সাজালেও সবচেয়ে আলোচনায় ছিলেন অভিজ্ঞ সৌম্য সরকার। আর কোচ খালেদ মাহমুদ সুজনের ভাষায়, বর্তমান স্কোয়াডে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য ক্রিকেটারও সৌম্যই।
নিলাম শেষে সুজনকে যখন প্রশ্ন করা হয়, ‘নোয়াখালীর অধিনায়ক কাকে ভাবছেন?’— তখন কোনো দ্বিধা ছাড়াই সৌম্য সরকারের নামই সামনে আনেন তিনি।
দলের সরাসরি সাইনিং ছিলেন সৌম্য, আর সেই নির্ভরতার জায়গা থেকেই তাকে নেতৃত্বে দেখার ব্যাপারে আগ্রহী কোচ।
সুজন বলেন, তরুণদের নিয়ে দল গড়লেও একজন অভিজ্ঞ, শান্ত স্বভাবের ক্রিকেটারকে সামনে থাকা প্রয়োজন।
বিদেশি খেলোয়াড় দলে থাকলেও স্থানীয় হিসেবে সৌম্যর অভিজ্ঞতা ও মাঠে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বড় করে দেখছেন তিনি।
কোচের বিশ্বাস— যদি সৌম্যর নিজের তেমন কোনো আপত্তি না থাকে, তাহলে নোয়াখালীর মাঠের নেতৃত্ব তার কাঁধেই তুলে দেওয়া হবে।
তরুণ ক্রিকেটারদের পথ দেখাতে, চাপ সামলাতে ও ম্যাচ ম্যানেজমেন্টে সৌম্যই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন সুজন।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও স্পষ্ট— নোয়াখালী দলে নেতৃত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সৌম্য সরকার।




