ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের, ২০২৬ মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।
এই উপলক্ষে বিসিসিআই প্রকাশ করেছে ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা, যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোট ৭ জন যারা সবাই বোলার।
শুরুতে ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করলেও যাচাই-বাছাইয়ের পর ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশিসহ মোট ৩৫০ জনকে রাখা হয়েছে তালিকায়। নিলামে সর্বোচ্চ ৭৭ জনকে দলে ভেড়ানো যাবে, যার মধ্যে বিদেশি কোটা খালি আছে ৩১টি।
এবারের নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি।
এই অর্থ দিয়ে তারা মোট ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ ৬ জন হতে পারেন বিদেশি। বিপরীতে সবচেয়ে টানাটানির মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তাদের হাতে আছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই সীমিত বাজেট নিয়ে তারা মোট ৬ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ মাত্র ১ জন।
চেন্নাই সুপার কিংস নিলামে নামছে বেশ স্বচ্ছল অবস্থানে। তাদের হাতে রয়েছে ৪৩.৪০ কোটি রুপি। স্কোয়াডে ৯টি জায়গা খালি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ সর্বোচ্চ ৮ জন। সানরাইজার্স হায়দরাবাদর হাতেও আছে ভালো বাজেট-২৫.৫০ কোটি রুপি।
তারা মোট ১০ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে ২ জন বিদেশি হতে পারেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপির এই ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২.৭২ কোটি টাকা। আইপিএলে পাঁচটি দলের জার্সি গায়ে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নেওয়া এই পেসারের গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩।
৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশি পাঁচ ক্রিকেটারকে, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব। বাংলাদেশি মুদ্রায় এই ক্যাটাগরির ভিত্তিমূল্য দাঁড়ায় প্রায় ১.০২ কোটি টাকা।
২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান জায়গা পেয়েছেন ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ ৮০ হাজারের সমান। জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএলের চূড়ান্ত তালিকায় তার নাম থাকাকে দেখা হচ্ছে বড় চমক হিসেবে।
প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবার দেখা যাক আইপিএল কতটা উপভোগ্য হওয়ার বার্তা দেয় আগামীকাল নিলাম!




