আইপিএল হোক কিংবা হাই পারফরম্যান্স দল! অ-১৯ হোক কিংবা লিস্ট এ ক্রিকেট। সবখানে যেন ইতিহাস বদলে দিতেই ব্যাট হাতে নিয়েছেন ভারতীয় তরুন ব্যাটার সুরিয়াবংশী!
রাঁচিতে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হয় বংশীর বিহার। প্রথম ম্যাচেই বোলারদের ওপর তাণ্ডব চালান ২০১১ সালে জন্ম নেয়া এই ব্যাটার।
বিহারের হয়ে খেলা এই বাঁহাতি ওপেনার ৫৯ বলেই দেড়শ রান স্পর্শ করেন এবং শেষ পর্যন্ত ৮৪ বলের ইনিংসে ১৯০ রান করে বিদায় নেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছয় দিয়ে।
এতে করে মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। পূর্বের রেকর্ডটি ছিল পাকিস্তানের জহুর এলাহির কাছে, যিনি ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিনে সেঞ্চুরি করেছিলেন।
সূর্যবংশী ৩৬ বলে সেঞ্চুরি করার মধ্যদিয়ে ভারতের মধ্যে দ্বিতীয় দ্রুততম এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক হয়েছেন। মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
এছাড়া ৫৯ বলে দেড়শ রানের ইনিংস খেলায় বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি, যা এতদিন এবি ডি ভিলিয়ার্সের নামে ছিল। ডি ভিলিয়ার্স, ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে এ রেকর্ড গড়েন।
শেষ পর্যন্ত ২৭তম ওভারে ক্যাচ আউট হয়ে বিদায় নেন বিহারের এ বাঁহাতি ব্যাটার। এতে করে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেন তিনি। একইসঙ্গে হয়তো হাঁফ ছেড়ে বাঁচেন ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়া নিউজিল্যান্ড চ্যাড বোজ।
প্রসঙ্গত, যদিও বিজয় হাজারের ট্রফির প্রথম দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। কেননা কোহলি ভারতের এই ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে এদিন খেলতে নামেন ১৬ বছর পর, আর রোহিত ৭ বছর পর।




