বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন তরুণ ভারতীয় পেসার হর্ষিত রানা। অস্ত্রোপচারের পর জানা গেছে, আসন্ন আইপিএলেও তার খেলা অনিশ্চিত। ফলে কলকাতার দেশীয় পেস ভাণ্ডারে বড় শূন্যতা তৈরি হয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কার তারকা গতিময় বোলার মাথিশা পাথিরানাও চোটে পড়েছেন। তিনি কবে পুরোপুরি সুস্থ হবেন এবং আগের ছন্দে ফিরতে পারবেন কি না-তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে তার গতি ও ইয়র্কার কলকাতার বড় ভরসা ছিল।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে কলকাতা পেস আক্রমণ শক্তিশালী করতেই নিলামে বড় অঙ্ক খরচ করেছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে টানা এবং চড়া দামে পাথিরানাকে নেওয়া সবই ছিল ভারসাম্যপূর্ণ আক্রমণ গড়ার পরিকল্পনার অংশ।
কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতায় মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। এখন হর্ষিত রানা অনিশ্চিত, পাথিরানাও পুরো ফিট নন,এই প্রেক্ষাপটে মুস্তাফিজের অভাবই সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। ডেথ ওভারে তার নিখুঁত কাটার ও বৈচিত্র্যময় স্লোয়ার কলকাতার জন্য হতে পারত বড় অস্ত্র।
সব মিলিয়ে বলা যায়, পরিকল্পনার কাগুজে শক্তি থাকলেও বাস্তবতা এখন ভিন্ন। পেস বিভাগে ধারাবাহিকতা ও অভিজ্ঞতার ঘাটতি দেখা দিলে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই হয়ে উঠতে পারে কলকাতার মৌসুমের বড় আক্ষেপ।




