ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর আসন্ন আসরকে সামনে রেখে নিলামে নাম লিখিয়েছেন ৭১০ জন ক্রিকেটার। এই তালিকায় আছেন ২৩ জন বাংলাদেশি খেলোয়াড়।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
৭৫ হাজার পাউন্ড, অর্থাৎ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
৩১ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫১ লাখ, এই ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়।
একই ভিত্তিমূল্যে আরও নাম দিয়েছেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-এর এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের সব দেশের ক্রিকেটারদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। আটটি ফ্র্যাঞ্চাইজি দল নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে স্কোয়াড গঠন করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া তথ্যে বলা হয়েছে, প্রায় ১৮টি দেশের প্রায় এক হাজার ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের বড় উপস্থিতি এবারের নিলামকে দেশের সমর্থকদের জন্য বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এখন অপেক্ষা, কোন ফ্র্যাঞ্চাইজি কাদের দলে টেনে নেয়,তা দেখার জন্য।




