পাকিস্তান সুপার লিগে প্রথম ম্যাচেই জাদু দেখালেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক ম্যাচেই নিজের দক্ষতার ছাপ রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন মুস্তাফিজ। মাত্র ১৯ রান খরচায় তুলে নেন ১টি গুরুত্বপূর্ণ উইকেট। তার স্লোয়ার আর কাটারের মিশেলে প্রতিপক্ষ ব্যাটারদের বেশ ভুগতে হয়েছে। ম্যাচে প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসমেনকে বড় ব্যবধানে হারায় লাহোর কালান্দার্স, জিতে নেয় ৬৯ রানের বিশাল জয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের বোলিং ইউনিট নিয়ে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। তিনি মনে করেন, লাহোরের বর্তমান বোলিং লাইনআপ আন্তর্জাতিক মানের যেকোনো দলের সঙ্গে তুলনীয়।
হারিস বলেন, তাদের দলে এমন বোলিং বৈচিত্র্য রয়েছে, যা খুব কম দলেই দেখা যায়। পেস ও স্পিন,দুই বিভাগেই শক্তিশালী অপশন থাকায় কন্ডিশন অনুযায়ী সেরা কম্বিনেশন সাজানো সম্ভব। এমনকি বেঞ্চেও মানসম্মত বোলার থাকায় দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে।
তবে মুস্তাফিজকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন হারিস। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা মুস্তাফিজকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার লাহোরের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন তিনি।
হারিস আরও বলেন, মুস্তাফিজ একজন অত্যন্ত অভিজ্ঞ বোলার, যার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। তিনি নিজেও চেষ্টা করবেন মুস্তাফিজের কাছ থেকে নতুন নতুন বোলিং কৌশল রপ্ত করতে এবং সেগুলো ম্যাচে কাজে লাগাতে।
সব মিলিয়ে, পিএসএলে নিজের প্রথম ম্যাচেই প্রভাব ফেলেছেন মুস্তাফিজুর রহমান। তার পারফরম্যান্সে যেমন খুশি দল, তেমনি প্রতিপক্ষরাও বুঝতে পারছে,‘দ্য ফিজ’ এখনো বিশ্ব ক্রিকেটে কতটা কার্যকর।




