নেপালের ঘরোয়া ক্রিকেটে এক অদ্ভুত ঘটনায় শোরগোল পড়ে গেছে। ঘটনাটি ঘিরে রয়েছে পিএম কাপ-এর একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ।
ম্যাচ চলাকালীন এক পর্যায়ে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে।
সিদ্ধান্তটি মেনে নিতে না পেরে তিনি মাঠেই তীব্র প্রতিবাদ জানান এবং আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময়ে জড়িয়ে পড়েন।
এই ঘটনার একটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘ট্রল ক্রিকেট নেপাল’ নামের একটি ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করা হলে সেখানে বিতর্কিত মন্তব্য করেন নেপালের অলরাউন্ডার কারান কেসি।
তিনি লিখেন, “কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তাহলে কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জানতে চাচ্ছি ক্রিকেটারদের নিরাপত্তার জন্য।”
এই মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেকেই মনে করেন, এটি ক্রিকেটের শৃঙ্খলা ও স্পিরিটের পরিপন্থী।
বিশেষ করে নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশন এই মন্তব্যের কড়া নিন্দা জানায়। পরিস্থিতি বেগতিক দেখে পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান কারান কেসি। তবে তাতেও পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যায়নি।
শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল, রোববার আনুষ্ঠানিকভাবে জানায়, সামাজিক মাধ্যমে হুমকিসূচক মন্তব্য করার কারণে কারান কেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তার ম্যাচ ফির শতভাগ জরিমানাও করা হয়েছে।
অর্থাৎ একটি ‘মজার ছলে’ করা মন্তব্যও কতটা বড় বিতর্ক তৈরি করতে পারে, কারান কেসির ঘটনাই তার বড় উদাহরণ।




