আগামী মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে, আর সেই সিরিজের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার প্রকাশিত এই দলে রয়েছে বেশ কিছু চমক, বিশেষ করে নতুন মুখ হিসেবে টেস্টে জায়গা পেয়েছেন তানজিদ হাসান ও অমিত হাসান।
৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ শুরু হবে প্রথম টেস্ট।
দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে রয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস ও সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তাছাড়া অভিজ্ঞ তাইজুল ইসলামের সাথে নাঈম হাসান আছেন স্পীনে।পেস ডিপার্টমেন্টে এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদের সাথে স্পিড স্টার নাহিদ রানাকেও রাখা হয়েছে গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজে।
সবচেয়ে বড় চমক এসেছে দুই নতুন মুখে। সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করা ওপেনার তানজিদ হাসান প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ১৭৯২ রান করে গড়ে ৪০ রান করা এই বাঁহাতি ব্যাটারকে দীর্ঘ ফরম্যাটে সম্ভাবনাময় মনে করছে নির্বাচকরা।
অন্যদিকে, মিডল অর্ডারের ব্যাটার অমিত হাসানও পেয়েছেন প্রথম ডাক। ২০১৯ সালে অভিষেকের পর থেকে ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে গড়ে ৪৯ রান করা এই ডানহাতি ব্যাটার ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই দলে জায়গা করে নিয়েছেন।
এছাড়া দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অফ স্পিনার নাঈম হাসানও প্রায় এক বছর পর দলে ফিরলেন।
নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, তানজিদ ও অমিত,দুজনই দীর্ঘমেয়াদে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।




