বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই নীল-সাদা পতাকায় ছেয়ে যায় দেশের অলিগলি থেকে শুরু করে শহরের বড় বড় সড়ক। এবার সেই বাস্তবতাকেই প্রকাশ্যে স্বীকার করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো বক্তব্য দিতে উঠতেই উপস্থিত দর্শকদের ব্যাপক হাততালি প্রমাণ করে দিয়েছে,বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল এখন আর্জেন্টিনা।

স্পিকার বলেন, “আমি যখন দেখলাম মিস্টার মার্সেলো কথা বলতে উঠেছেন আর চারদিক থেকে হাততালি পড়ছে, তখনই বুঝে গেলাম আর্জেন্টিনাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল।”
শুধু জনপ্রিয়তার কথা বলেই থেমে থাকেননি তিনি। আসন্ন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জন্য শুভকামনাও জানান জাতীয় সংসদের স্পিকার। তার এই মন্তব্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত ফুটবলপ্রেমীদের মাঝেও দারুণ উচ্ছ্বাস দেখা যায়।
বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের স্মৃতিচারণও করেন। যশোরকে নিজের সবচেয়ে প্রিয় শহরগুলোর একটি উল্লেখ করে বলেন, তরুণ বয়সের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সঙ্গে। তিনি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছেন এবং চাকরিও করেছেন বলে জানান।
স্পিকার আরও বলেন, শামস-উল-হুদার নামে স্টেডিয়াম ও ফুটবল একাডেমি গড়ে তোলা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। দেশের ফুটবলের উন্নয়নে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তার মতে, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ঘটাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ থেকেও আন্তর্জাতিক মানের ফুটবলার উঠে আসবে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা যে শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং দেশের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্যেও তা প্রতিফলিত হচ্ছে,স্পিকারের এই মন্তব্য যেন আবারও সেটিই প্রমাণ করল।




