বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ধনী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আরও একবার নিজেদের অর্থনৈতিক শক্তির প্রমাণ দিয়েছে লীগটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হাউলিহান লোকির ২০২৬ সালের ব্র্যান্ড মূল্যায়ন প্রতিবেদনে জানানো হয়েছে, এক বছরের ব্যবধানে আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য ১১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৫৭ হাজার ৫০০ কোটি টাকা।
২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল এখন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রীড়া-বাণিজ্যিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
বিশ্বের সেরা ক্রিকেটারদের অংশগ্রহণ, বিপুল সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, পণ্য বিপণন এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিনিয়োগ,সব মিলিয়ে আইপিএল একটি সফল ব্যবসায়িক মডেল গড়ে তুলেছে।
চলতি বছর আইপিএলের দুটি বড় ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তনও লিগটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
মার্চ মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে, অর্থাৎ প্রায় ২২ হাজার ২৫০ কোটি টাকায় একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের কাছে বিক্রি হয়।
অন্যদিকে মে মাসে রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের চুক্তির মূল্য ছিল ১.৬৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৬২৫ কোটি টাকা।
হাউলিহান লোকির তথ্য অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো আইপিএলের ব্যবসায়িক মূল্য দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজারমূল্য ধারাবাহিকভাবে বাড়ছে, বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণও আগের তুলনায় অনেক বেশি।
একই সঙ্গে খেলাধুলা, গণমাধ্যম এবং ভোক্তা বাজারের সমন্বয়ে আইপিএল দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের স্বতন্ত্র ব্র্যান্ড মূল্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক বছরে এটি ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৩ বিলিয়ন ডলারে, অর্থাৎ প্রায় ৫৩ হাজার ৭৫০ কোটি টাকায় পৌঁছেছে।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার ৯০০ কোটি টাকা ব্র্যান্ড মূল্য নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজির অবস্থান ধরে রেখেছে।
এসব পরিসংখ্যানই প্রমাণ করে, মাঠের লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও আইপিএলের আধিপত্য বিশ্ব ক্রিকেটে দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।




