বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতের তারকা হওয়ার সম্ভাবনা দেখালেন শেখ পারভেজ জীবন। ব্যাট হাতে মাত্র ১৮ বলে ৩৫ রানের ঝড় তোলার পর বল হাতে মাত্র ১৬ রান খরচ করে শিকার করেছেন ৫ উইকেট।
তাঁর অলরাউন্ড নৈপুণ্যে মালয়েশিয়াকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি।
দুই ওপেনার জাওয়াদ আবরার ও ইকবাল হোসেন দ্রুত ফিরে যান। এরপর কালাম সিদ্দিকী অলিন ও শাহরিয়ার সাকিবের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে।
তবে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ আব্দুল্লাহ ও আহরার আমিন পিয়ান। দুজনের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।
আব্দুল্লাহ সেঞ্চুরির খুব কাছে গিয়েও থামেন ১০০ বলে ৯৪ রানে। অন্যদিকে আহরার ৬২ বলে করেন ৬১ রান।
শেষ দিকে মাঠে নেমেই ঝড় তোলেন শেখ পারভেজ জীবন। মাত্র ১৮ বলে ৩৫ রানের অপরাজিত ক্যামিও ইনিংসে চার-ছক্কার মারে বাংলাদেশের সংগ্রহকে নিয়ে যান আড়াইশ পেরিয়ে।
তাঁর সেই বিস্ফোরক ব্যাটিংয়ের পর বল হাতেও দেখা যায় আরও ভয়ংকর রূপ।
২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে মালয়েশিয়া।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি তারা। আহমেদ জুবাইদি জুলকিফলে সর্বোচ্চ ৪২ রান করলেও বাকিদের ব্যর্থতায় মালয়েশিয়ার ইনিংস থেমে যায় মাত্র ১৩৭ রানে।
বাংলাদেশের হয়ে বল হাতে একাই মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন পারভেজ জীবন। মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট।
মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট।
সব মিলিয়ে ব্যাট ও বল হাতে পারভেজ জীবনের অসাধারণ পারফরম্যান্সে ১৫৩ রানের বড় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ১৪ আগস্ট, আর তৃতীয় ম্যাচ ১৬ আগস্ট।




