সিরিজ ঘোষণার পর থেকেই সবাই বলাবলি করছিলো কামিন্স স্টার্কদের সামনে দাড়াতে পারবেনা বাংলাদেশ, কিন্তু হাসান তা করে দেখালেও কামিন্সদের আজ খুব বেশি পাত্তা দেয়নি বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল আর তামিম।
বিশেষ করে মুমিনুল যেন খেলছেন বেশ সাবলিলভাবেই।
প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই দারুণ অবস্থানে বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দিন শেষ করেছে ১ উইকেটে ৯৬ রান নিয়ে।
ফলে দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার দারুণ সুযোগ তৈরি করেছে নাজমুল হোসেন শান্তর দল।
ডারউইনের মারারা স্টেডিয়ামে দিনের শেষ ভাগে বাংলাদেশের ব্যাটাররা দেখিয়েছেন আত্মবিশ্বাসের ছাপ।
শুরুতে অবশ্য মিচেল স্টার্কের বলে ২০ রানে সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক।
দুজনের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে স্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ। ৬৭ বলে ৩২ রানে অপরাজিত তামিম, আর মুমিনুল ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের পেস আক্রমণ। দিনের নায়ক ছিলেন হাসান মাহমুদ।
দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ারসেরা ৬ উইকেট শিকার করেন এই পেসার। ৫৫ রান খরচ করে পাওয়া এই ছয় উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিংয়ের নজির।
শুরুতে জ্যাক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙেন হাসান।
এরপর ইবাদত হোসেন ও তাসকিন আহমেদও যোগ দেন উইকেট শিকারে। ইবাদতের বলে মার্নাস লাবুশেন ও অ্যালেক্স কেয়ারি সাজঘরে ফেরেন। তাসকিন ফেরান ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে।
তবে বাংলাদেশের জন্য স্বস্তির দিনটিতেও বড় আক্ষেপ হয়ে থাকল স্টিভেন স্মিথের ক্যাচ। ইবাদতের বলে মাত্র ২ রানে স্মিথের ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম।
জীবন পেয়ে পরে দুর্দান্ত ফিফটি তুলে নেন অস্ট্রেলিয়ান ব্যাটার। শেষ পর্যন্ত ৭১ রান করে হাসানের শিকার হন তিনি।
শেষ দিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে দুইশর আগেই থামিয়ে দেন হাসান।
তার সঙ্গে তাসকিন ও ইবাদত নেন দুটি করে উইকেট। বাংলাদেশের পেসাররা মিলেই অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নেওয়ায় টেস্টে এটি বাংলাদেশের জন্য মাত্র দ্বিতীয় এমন কীর্তি।
সব মিলিয়ে প্রথম দিনটি বাংলাদেশের জন্য হয়ে থাকল স্মরণীয়। ব্যাট হাতে ভালো শুরু এবং বল হাতে হাসানের নেতৃত্বে দাপট,দুই মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ।




