অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-২০ টুর্নামেন্টে আরো এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স একাডেমির বিপক্ষে সাব্বিরের ব্যাটে ভর করে জিতেছে টাইগাররা।
যদিও হোবার্ট শুরুতে ১৫৪ রানের টার্গেট দেয়,ভাবা হচ্ছিলো সহজেই এই টার্গেট পার হবে,তবে তা হয়নি।
হাবিবুর রহমান সোহান ৪,জিসান ৯ ও আরিফুল ৪ করে বিদায় নিলে চাপে পরে বাংলাদেশ। এরপর সাব্বির খেলার হাল ধরলেও বিদায় নেন অধিনায়ক ইরফান শুক্কুর,তিনিও করেন ৪ রান।
পাটওয়ারী রয়েসয়ে ২৪ বলে ১৬ করলেও,ততক্ষনে ৩৬ বলে অর্ধশতক তুলে নেন সাব্বির।শেষমেশ আউট হবার আগে ৪৫ বলে ২ ছয় আর ৬ চারে ৫৯ রান করেন তিনি।বাকি পথটা পারি দিয়েছেন মেহরব-সাকলাইনরা।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে, আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি।
শুরুর ওভারেই দলকে উইকেট এনে দেন আবু হায়দার রনি। সাজঘরে ফেরান জ্যাক ডোরানকে। তার পরের ওভারে মোহাম্মদ রুবেল শিকার করেন নিভেথান রাধাকৃষ্ণণকে।
প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায়, ব্র্যাডলি হোপ ও টিগুই ওয়াইলি ৩৮ রানের জুটি গড়লে তা ভাঙেন আব্দুল গাফফার সাকলাইন। ১৭ বলে ২২ রান করে হোপ বিদায় নিলে একাই দলের হাল ধরেন ওয়াইলি।
এরপর আর কেউ তেমন সুবিধা করতে না পারলেও তার ব্যাটে ভর করেই দল এগোতে থাকে।শেষপর্যন্ত ৫৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৭৮ রান করে অপরাজিত থাকেন ওয়াইলি।
নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান দাঁড়ায় হোবার্টের সংগ্রহ।
বাংলাদেশ এইচপির পক্ষে রুবেল তিনটি, রিপন মণ্ডল দুটি এবং আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট পান।
প্রসঙ্গত গতকাল নেপালের বিপক্ষে সহজ জয় পেলেও আজ অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী দলটির বিপক্ষে ঠিকই ধুকেছে বাংলাদেশের ব্যাটাররা,যদিও এদফায় টাইগারদের উদ্ধার করেছেন সাব্বির রহমান।




