বাংলাদেশের পেস আক্রমণের নতুন গতিদানব নাহিদ রানা। অল্প সময়ের মধ্যেই তার আগ্রাসী গতি ও বাউন্সে নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের।
এবার সেই গতির ঝড় দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। আগামী মৌসুমে বাংলাদেশি এই তরুণ পেসারকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
বিগ ব্যাশের আসন্ন মৌসুমকে সামনে রেখে রানাকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়ে কয়েকটি দলের আগ্রহের কথা জানা গেছে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার জানিয়েছে, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও জমেলবোর্ন রেনেগেডস ইতোমধ্যে রানাকে নিয়ে আলোচনা শুরু করেছে।
অর্থাৎ নিলাম বা ড্রাফটের অপেক্ষায় না থেকে সরাসরি চুক্তির মাধ্যমেই তাকে দলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে রানার বোলিংয়ের আলাদা আকর্ষণ রয়েছে। ঘণ্টায় দেড়শ কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করার সামর্থ্য, সঙ্গে উচ্চতা ও বাউন্স,সব মিলিয়ে অস্ট্রেলিয়ান কন্ডিশনে তিনি কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারেন।
ফলে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহকে খুব একটা অস্বাভাবিকও মনে হচ্ছে না।
তবে রানাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন তার ফিটনেস। সাইড স্ট্রেইনের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই পেসার। সম্প্রতি অবশ্য আবার বোলিং শুরু করেছেন।
এশিয়ান গেমসের দলেও রানাকে রাখা হয়নি মূলত ম্যাচ ফিটনেসের বিষয়টি বিবেচনায় নিয়ে। বিদেশি কোনো লিগে খেলার জন্য তাকে ছাড়পত্র দেওয়ার আগে পুরোপুরি ফিট হয়ে ওঠাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান অগ্রাধিকার।
সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বিগ ব্যাশ। তবে একই সময়ে বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সংগ্রহে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি। তাই রানাকে এনওসি দেওয়া হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এর আগে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেটও আশা প্রকাশ করেছিলেন, বিগ ব্যাশে খেলার সুযোগ পেতে পারেন রানা। অস্ট্রেলিয়ান দর্শকদের সামনে তার ভয়ংকর গতি দেখার সম্ভাবনার কথাও বলেছিলেন তিনি।
সব মিলিয়ে রানাকে নিয়ে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ এখন আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত চুক্তির অঙ্ক কত দাঁড়ায় এবং বিসিবি তাকে ছাড়পত্র দেয় কি না,সেটিই এখন দেখার বিষয়।




