ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন হামজা চৌধুরী। এবার তাঁর লড়াই মানবিকতার জন্য।
যুদ্ধ ও ধ্বংসের মধ্যে বেড়ে ওঠা গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়াতে নিজের মূল্যবান স্মারক নিলামে তুলছেন বাংলাদেশের এই তারকা।
আগামী ২৫ অক্টোবরের বিশেষ ফান্ড রেইজিং আয়োজনে নিজের এফএ কাপ জয়ের ঐতিহাসিক জার্সি এবং বাংলাদেশের লাল সবুজ জার্সিসহ বেশ কিছু স্মারক নিলামে দেবেন হামজা।
গাজার শিশুদের সহায়তায় এবার নিজের অবস্থান থেকে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হামজা চৌধুরী।
ফুটবল মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যিনি দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, এবার সেই ভালোবাসার প্রতিদান দিতে চান মানবিক উদ্যোগের মাধ্যমে।
আগামী ২৫ অক্টোবর গাজার শিশুদের জন্য আয়োজিত বিশেষ ফান্ড রেইজিং ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
সেখানে তাঁর এফএ কাপ জয়ের ঐতিহাসিক জার্সি, বাংলাদেশের লাল সবুজ জার্সিসহ বেশ কিছু মূল্যবান স্মারক নিলামে তোলা হবে।
এসব সামগ্রী থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে গাজার অসহায় শিশুদের সহায়তায়।
মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টস এই বিশেষ উদ্যোগের আয়োজন করছে।
হামজার স্বাক্ষরিত জার্সির পাশাপাশি নিলামে থাকছে বিশ্বের বিভিন্ন মুসলিম ক্রীড়াবিদের স্বাক্ষরিত জার্সি, পদক এবং অন্যান্য ক্রীড়া স্মারক।
অর্থাৎ হামজার ক্যারিয়ারের স্মৃতিবিজড়িত মূল্যবান সামগ্রী এবার হয়ে উঠছে মানবিক সহায়তার মাধ্যম।
গাজার শিশুদের প্রতি হামজার সহমর্মিতা অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করেছিলেন তিনি। সেই ছবি তখন ব্যাপকভাবে আলোচনায় আসে।
পরবর্তী সময়েও ফিলিস্তিন ও গাজার শিশুদের দুর্দশা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন হামজা।
এবার কথার সঙ্গে যুক্ত হলো বাস্তব উদ্যোগ। নিজের সংগ্রহে থাকা মূল্যবান স্মারক নিলামে তুলে সেখান থেকে পাওয়া অর্থ শিশুদের সহায়তায় ব্যয়ের সুযোগ করে দিচ্ছেন তিনি।
বাংলাদেশের হয়ে খেলার সুবাদে হামজা এখন দেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ এক আবেগের নাম।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের মানবিক কর্মকাণ্ডেও তিনি বারবার আলোচনায় এসেছেন।
এবার গাজার শিশুদের জন্য নিজের মূল্যবান স্মারক নিলামে তুলে সেই মানবিক পরিচয়ের আরেকটি দৃষ্টান্ত তৈরি করলেন বাংলাদেশের এই তারকা।




