রাত পোহালেই বদলে যাবে ফুটবলপ্রেমীদের পৃথিবী। সবুজ মাঠে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে নামবেন লিওনেল মেসি। যে মানুষটিকে ঘিরে বছরের পর বছর অপেক্ষা, আবেগ, আনন্দ আর অশ্রু কাল সেই অপেক্ষারও শেষ। আর কোনোদিন জাতীয় দলের জার্সিতে মেসির পায়ে বল দেখার অপেক্ষায় থাকতে হবে না কোটি কোটি মানুষকে।
একটা সময় ছিল, মেসি মাঠে নামলেই মনে হতো অসম্ভব বলে কিছু নেই। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যাওয়া, বাম পায়ে জাদুকরী এক শট, কিংবা শেষ মুহূর্তে সতীর্থকে দেওয়া নিখুঁত পাস,সবকিছুই যেন ছিল স্বাভাবিক। অথচ এখন সেই স্বাভাবিক দৃশ্যগুলোই হয়ে উঠছে ইতিহাস।
২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে যাত্রা শুরু। এরপর পেরিয়েছে দুই দশকেরও বেশি সময়। এই দীর্ঘ পথচলায় এসেছে হতাশা, এসেছে সমালোচনা, এসেছে কান্না। কোপা আমেরিকার ফাইনালে হার, বিশ্বকাপের ফাইনালে হার,সবকিছুর পরও মেসি থামেননি।
একসময় জাতীয় দলের জার্সি খুলে রাখার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু ফুটবল যেন তখনো তার কাছ থেকে আরও কিছু পাওনা রেখেছিল।
ফিরে এসে সেই মেসিই বদলে দিলেন গল্পের শেষটা।
২০২১ সালে কোপা আমেরিকা। এরপর ২০২২ সালের বিশ্বকাপ। তারপর আবার কোপা আমেরিকার শিরোপা। যে ট্রফিগুলো একসময় অধরা মনে হতো, সেগুলোই একে একে উঠেছে মেসির হাতে। আর ফুটবলপ্রেমীরা পেয়েছে তাদের সবচেয়ে প্রিয় গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়।
কিন্তু প্রতিটি গল্পেরই তো একদিন শেষ হয়।
কাল সেই শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠা লেখা হবে।
হয়তো ম্যাচের শুরুতে গ্যালারি থেকে উঠবে মেসি, মেসি ধ্বনি। হয়তো বল পায়ে নিলেই হাজার হাজার মানুষ একসঙ্গে নিঃশ্বাস আটকে রাখবে। আর যদি গোল আসে, তাহলে সেই উদযাপনে থাকবে আনন্দের চেয়ে বেশি কিছু,থাকবে বিদায়ের বিষাদও।
কারণ আমরা জানি, এরপর আর এমন কোনো রাত আসবে না।
আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখার জন্য আর অপেক্ষা করতে হবে না। ম্যাচের আগে একাদশ খুঁজে বের করে তার নাম দেখার সেই অভ্যাসটাও একদিন থেমে যাবে। গোলের পর তার দুই হাত আকাশের দিকে ওঠার দৃশ্যটাও হয়ে যাবে স্মৃতি।
তবু কিছু মানুষ কখনো বিদায় নেন না।
তারা থেকে যান গল্পে, ছবিতে, স্মৃতিতে। থেকে যান কোটি মানুষের হৃদয়ে।
লিওনেল মেসিও তেমনই একজন।
কাল হয়তো তার শেষ ম্যাচ। কিন্তু ফুটবলের ইতিহাসে মেসির গল্পের শেষ নেই।
রাত পোহালেই তাই শুধু একটি ম্যাচ হবে না।
রাত পোহালেই একটি যুগের শেষ দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী।
শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন লিওনেল মেসি,গ্রহের সেরা খেলোয়াড় আর কখনোই পরিকল্পনায় রাখতে পারবেন না লিওনেল স্কালোনি।বিদায় মেসি,বিদায় ফুটবলের ইতিহাস বদলে দেওয়ার নায়ক!




