ফুটবল ইতিহাসে নিজের অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি কিংবা ম্যারাডোনার প্রতি মানুষের ভালোবাসা থাকতেই পারে, তবে নিজেকে পূর্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে সবার ওপরে রাখছেন পর্তুগিজ মহাতারকা।
তাঁর মতে, যাঁরা তাঁকে ইতিহাসের সবচেয়ে পূর্ণাঙ্গ ফুটবলার হিসেবে স্বীকার করেন না, তাঁরা আসলে ফুটবলই বোঝেন না।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, গোলের মাইলফলক, অবসর এবং জাতীয় দলের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ৪১ বছর বয়সী রোনালদো।
সেখানে নিজের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।
রোনালদো বলেন, ‘অনেকেই আমার চেয়ে মেসি, ম্যারাডোনা কিংবা অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে।
কিন্তু কেউ এসে বলবে আমি পূর্ণাঙ্গ খেলোয়াড় নই, সেটি মিথ্যা। আমিই সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড়। যারা এটি মানে না, তারা ফুটবল বোঝে না।’
ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে ৯৮০ গোল করেছেন রোনালদো। এখন তাঁর সামনে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক।
তবে এই লক্ষ্য পূরণ নিয়ে অতিরিক্ত চাপ নিতে চান না আল নাসর তারকা। তাঁর মতে, সংখ্যাটা অর্জন করতে পারলে সেটি হবে অসাধারণ একটি সাফল্য, কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য শুধু এই মাইলফলকের প্রয়োজন নেই।
এদিকে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে সাম্প্রতিক ঘটনাও আলোচনায় রয়েছে। আন্তর্জাতিক বিরতির মধ্যে অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।
কোচ জর্জে জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও ঘটনা ভুলভাবে উপস্থাপনের অভিযোগও তুলেছেন রোনালদো।
তবে এখনই জাতীয় দলকে বিদায় জানানোর পরিকল্পনা নেই তাঁর। বরং অবসরের আগে পর্তুগালের হয়ে অন্তত একটি বা একাধিক বিদায়ী ম্যাচ খেলার আশা প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
নিজের ভবিষ্যৎ নিয়েও অবশ্য নিশ্চিত নন রোনালদো। তাঁর ভাষায়, যেকোনো সকালে ঘুম থেকে উঠে খেলার অনুপ্রেরণা হারিয়ে ফেললে ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।
তবে যত দিন মাঠে থাকবেন, নিজের সামর্থ্য ও শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্নের জবাব পারফরম্যান্স দিয়েই দিতে চান পর্তুগিজ অধিনায়ক।




