দায়িত্ব নিয়েই যেন আলাদিনের জিনের মত কাজ করছেন তামিম ইকবাল। গত ৬ মাসের তামিমের নানা সিদ্ধান্ত কুড়িয়েছে প্রশংসা।
ডি ৩ থেকে এনসিএলের সেকেন্ড ইলেভেন, দেশের ক্রিয়া উন্নয়নে তামিম করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
তবে নিজের জাদু যে এখনও শেষ হয়নি, সেটাই আবারো এসে দেখালেন তামিম। এর মাঝেই আগামী কয়েক বছরের জন্য শুনালেন সুখবর, জানালেন দেশের ক্রিকেট উন্নয়নের মহাপরিকল্পনা।
সবচেয়ে বড় আকর্ষণ ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের আশা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ। ২০৩১ বিশ্বকাপে ভারতের সাথে সহ আয়োজক হবে বাংলাদেশ।
নিশ্চিতভাবে অনেক ম্যাচ যাবে ভারতের কাছেই, তবে বাংলাদেশের চাওয়া অন্তত একটি হলেও যাতে হয় আসরের সেমিফাইনাল। আর সেই কাজটাই বিসিবি চালিয়ে যাচ্ছে বলে জানান বোর্ড সভাপতি।
শুধু বড় আয়োজন নয়, দেশের ক্রিকেটের ভিত শক্ত করার দিকেও নজর দিচ্ছেন তামিম। সাতটি জেলায় বিসিবি একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে।
এসব একাডেমিতে তরুণ ক্রিকেটারদের বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথা ভাবছে বোর্ড। এতে জেলা পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের উঠে আসার সুযোগ বাড়বে।
তামিমের ভাবনা পরিষ্কার, চট্টগ্রাম থেকে ২ জন ঢাকার একাডেমিতে আসলেও বাড়বে লোকাল ক্রিকেটারদের উৎসাহ। এছাড়া ক্রিকেট শিখতে সবার দূরে যাওয়ার সামর্থ্য হয়না, সেখানেই লোকাল একাডেমি দিবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ক্রিকেটারদের সুযোগ।
ক্রিকেটারদের ট্রেনিং ও ইনজুরি থেকে ফিরে আসার প্রক্রিয়া আরও আধুনিক করতেও উদ্যোগ নিচ্ছে বোর্ড।
বর্তমানে নাহিদ, হাসান, তানজিম সাকিব সহ অনেকেই আছেন ইঞ্জুরিতে, যা ভোগাচ্ছে বাংলাদেশকে। আর সেখানেই সমাধানের কথা শোনালেন তামিম। প্রাইম ব্যাংকের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
এতে খেলোয়াড়দের ফিটনেস, পুনর্বাসন ও শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য উন্নত সুযোগ-সুবিধা তৈরি করা সম্ভব হবে।
নারী ক্রিকেট নিয়েও এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সামনে এসেছে।
নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন অভিযোগ কমিটি গঠন এবং মাতৃত্বকালীন নীতিমালা চালুর উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়েছে।
এমনকি নারী ক্রিকেটারদের অভিযোগ তদন্ত, তাদের খেলার সঠিক পরিবেশ নিশ্চিত করার দেন অঙ্গীকার। আগামী দিনে অল্প পরিসরে হলেও নারীদের সুরক্ষা বৃদ্ধি করতে চান তামিম।
এ ছাড়া এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব রয়েছে বাংলাদেশের। পাশাপাশি ডিসেম্বর মাসে এফটিপি নিয়ে কর্মশালার পরিকল্পনা করা হয়েছে, যেখানে ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচি ও ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে হবে বিস্তর আলোচনা।
সব মিলিয়ে দেশের ক্রিকেট নিয়ে একসঙ্গে অনেকগুলো পরিকল্পনার কথা সামনে আনলেন তামিম। তবে এখন সমর্থকদের অপেক্ষা ঘোষণাগুলোর বাস্তবায়ন নিয়ে। কেননা পরিকল্পনা বাস্তবায়নই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে দেশের ক্রিকেটকে।




