ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে রীতিমতো উড়তে থাকা বাংলাদেশ, বিশ্ব আসরের ঠিক আগে যেন ছন্দহীন। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাটিতে সিরিজ হারিয়ে আসা টাইগাররা নিজ দেশে হেরেছে অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। এ সিরিজ হারের জন্য অবশ্য তামিম ইকবালের দায় দেখছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আফগান সিরিজ হারের জন্য সরাসরি তামিমকে অভিযুক্ত করেন সাকিব। বুধবার বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাক্ষাতকারটি দেন তিনি।
সাকিব বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারাটা আমি পুরোপুরি একজনের দোষ বলবো, ক্যাপ্টেন। এক ম্যাচ পর আমাদের হাতে আরো দুই ম্যাচ ছিলো। শেষ ম্যাচে আমরা ঠিকই কামব্যাক করেছি।’
আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ পর হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তৎকালীন অধিনায়ক তামিম ইকবাল।
এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বিশ্বের কোথাও দেখিনি যে একটা সিরিজের এক ম্যাচ পর এসে ইমোশনালি বলতে আমি আর খেলবো না। এটা আমি জীবনে প্রথমবার দেখলাম। আমার ধারণা দায়িত্ববোধ থাকলে কোনো ক্রিকেটার এমন করতো না।’




